জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, দেশের সার্বভৌমত্ব রক্ষার প্রশ্নে ভারতের সঙ্গে বিন্দুমাত্র আপসের সুযোগ নেই। তিনি অভিযোগ করেন, ভারত সীমান্ত অতিক্রম করে বাংলাদেশে পুশ-ইন কার্যক্রমের মাধ্যমে এজেন্ট প্রবেশ করিয়ে দেশের অভ্যন্তরে ষড়যন্ত্র চালাচ্ছে। এই পরিস্থিতিতে দেশের স্বার্থ রক্ষায় সবাইকে সতর্ক ও ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি।
বৃহস্পতিবার (২৯ মে) দুপুরে লালমনিরহাটের পাটগ্রামে লিফলেট বিতরণ শেষে পথসভায় এসব কথা বলেন তিনি ।
সারজিস আলম বলেন, ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে হাজারো মানুষের খুনি শেখ হাসিনাকে আশ্রয় দিয়েছে ভারত। যতদিন খুনি হাসিনা ভারতে আশ্রয়ে থাকবে, ততদিন ভারতের সাথে আমাদের সম্পর্ক কখনোই স্বাভাবিক হবে না।
তিনি আরও বলেন, উত্তরাঞ্চল দীর্ঘদিন ধরে অবহেলিত। এ অঞ্চলের মানুষের দীর্ঘদিনের দাবি তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন ও বুড়িমারী থেকে ঢাকা সরাসরি ট্রেন চালু করতে হবে। পাটগ্রামে বোমা মেশিন দিয়ে পাথর উত্তোলন ও বুড়িমারী স্থলবন্দরে চাঁদাবাজি হচ্ছে। এসব বন্ধ করে মানুষকে মুক্তি দিতে হবে।
বাংলাদেশ গড়ার স্বপ্নে যারা জীবন দিয়েছেন, তাদের স্বপ্নকে বৃথা যেতে দেওয়া যাবে না উল্লেখ করে এনসিপির এই নেতা বলেন, এই স্বপ্ন বাস্তবায়নে হাজারের বেশি মানুষ জীবন দিয়েছে। যারা জীবন দিয়েছে, তাদের অর্ধেকের বেশি ১৮ বছরের নিচে।





