ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়রের দায়িত্ব দ্রুততম সময়ের মধ্যে বুঝিয়ে না দিলে চলমান আন্দোলন আরও তীব্র হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন বিএনপির নেতা ইশরাক হোসেন।
তিনি বলেন, শপথ গ্রহণের আয়োজন বিলম্বিত হলে জনমনে প্রশ্ন তৈরি হবে এবং আন্দোলনের ধারাও আরও বেগবান হবে।
দায়িত্ব হস্তান্তরে অযথা বিলম্ব কোনোভাবেই গ্রহণযোগ্য নয় বলেও মন্তব্য করেন তিনি।
বৃহস্পতিবার (২৯ মে) নগরভবনে উপস্থিত হয়ে তিনি এ কথা বলেন।
ইশরাক হোসেন বলেন, মেয়রের দায়িত্ব বুঝিয়ে দিতে অন্তর্বর্তী সরকার ব্যর্থ হয়েছে। আদালত সিদ্ধান্ত দেওয়ার পরও গড়িমসি করছে সরকার। আদালতের নির্দেশনা না মানলে তা হবে অবমাননাকর। একজন মেয়রকে শপথ পড়াতে পারছে না, ভবিষ্যতে নির্বাচিত ৩০০ সংসদ সদস্যকে কীভাবে বর্তমান সরকার শপথ বাক্য পাঠ করাবে?
তিনি বলেন, শেষবারের মতো সরকারকে বলছি, আপনারা শপথ অনুষ্ঠানের ব্যবস্থা করুন না হলে আগামীতে নগরবাসীকে সঙ্গে নিয়ে এ আন্দোলনকে আরও বেগবান করা হবে।
এদিকে সকাল থেকেই বৃষ্টি উপেক্ষা করে ইশরাক হোসেনকে মেয়রের দায়িত্ব বুঝিয়ে দেওয়ার দাবিতে নগরভবনে অবস্থান কর্মসূচি চলছে। টানা ১৫ দিনের মতো একই দাবিতে নগর ভবনে অবস্থান কর্মসূচি পালিত হচ্ছিল। ঢাকাবাসীর পাশাপাশি এখানকার কর্মচারীরা এই কর্মসূচি পালন করে আসছে। এদিকে স্লোগানে উত্তাল নগরভবনে আগমন ঘটে খোদ ইশরাক হোসেনের।
বৃহস্পতিবার (২৯ ফেব্রুয়ারি) দুপুর সোয়া ২টার দিকে নগরভবনে প্রবেশ করেন ইশরাক হোসেন। মূলত নেতাকর্মীদের সঙ্গ দিতে এবং তাদের খোঁজখবর নিতেই তিনি নগরভবনে আসেন তিনি।





