৫ হাজার মোবাইল টাওয়ার বন্ধ, সংকটে টেলিসেবা

নিম্নচাপজনিত টানা বৃষ্টি, দমকা হাওয়া ও জলোচ্ছ্বাসে দেশের বিভিন্ন অঞ্চলে বিদ্যুৎ সরবরাহ মারাত্মকভাবে ব্যাহত হয়েছে। এর ফলে মোবাইল নেটওয়ার্কেও বড় ধরনের প্রভাব পড়েছে। বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ায় শুক্রবার (৩০ মে) সকাল পর্যন্ত ৫ হাজার ৯০৪টি মোবাইল টাওয়ার বা সাইট সম্পূর্ণরূপে অচল হয়ে গেছে, যা দেশের মোট সাইটের প্রায় ৩৫.৮ শতাংশ।

এই তথ্য টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব ফেসবুক পোস্টে নিশ্চিত করেছেন।

তিনি জানান, সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে বরিশাল, সিলেট দক্ষিণ, টাঙ্গাইল, চাঁদপুর, ময়মনসিংহ, ঢাকা উত্তর, কুমিল্লা, নোয়াখালী ও চট্টগ্রাম দক্ষিণ অঞ্চল। এসব এলাকায় অনেক জায়গায় মোবাইল সিগন্যাল নেই, ইন্টারনেটও বন্ধ।

সারাদেশে আরও ৮ হাজার ২৬২টি টাওয়ার বিদ্যুৎ বিচ্ছিন্ন অবস্থায় ‘মেইনস ফেইলর’-এ রয়েছে, যা মোট সাইটের ৪৪ শতাংশ। বর্তমানে ৬৪.২ শতাংশ সাইট সচল রয়েছে।

পরিস্থিতি সামাল দিতে টেলিকম অপারেটর ও টাওয়ার কোম্পানিগুলো ৬২৪টি সাইটে পোর্টেবল জেনারেটর স্থাপন করেছে। আরও ৫০৪টি জেনারেটর পথে রয়েছে, যা দ্রুত ব্যবহারে আনা হবে।

ফয়েজ আহমদ তৈয়্যব জানান, দুর্যোগ মোকাবিলায় সংশ্লিষ্ট সব পক্ষ-মোবাইল অপারেটর, টাওয়ার কোম্পানি ও পল্লি বিদ্যুৎ একসঙ্গে কাজ করছে। যত দ্রুত সম্ভব সারাদেশে যোগাযোগ সেবা পুনরুদ্ধারে চেষ্টা চলছে।