চট্টগ্রামে নুডলসে শ্বাসরোধ হয়ে ৭ মাসের শিশুর মৃত্যু

চট্টগ্রামের সাতকানিয়া উপজেলায় নুডলসে শ্বাসরোধ হয়ে ফাতেমা জান্নাত নামে ৭ মাস বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। বুধবার (৪ সেপ্টেম্বর) রাত ১১টার দিকে উপজেলার সোনাকানিয়া ইউনিয়নের ডিলারপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। মৃত ফাতেমা ওই এলাকার জাহেদুল ইসলামের মেয়ে।

পরিবারের সদস্যরা জানান, শিশুটিকে নিয়মিত নুডলস ছোট ছোট ভাগ করে খাওয়ানো হতো। তবে সেদিন একসঙ্গে বেশি দেওয়ায় তা শ্বাসনালিতে আটকে যায়। দ্রুত তাকে হাসপাতালে নেওয়া হলেও চিকিৎসক জানান, শ্বাস নিতে না পারায় ফাতেমার মৃত্যু হয়েছে।

শিশুটির দাদি শাহীন আক্তার বলেন, ‘নুডলস আটকে যাওয়ার পর আমরা দ্রুত হাসপাতালে নিয়ে যাই। কিন্তু চিকিৎসক জানালেন, শ্বাসরোধেই তার মৃত্যু হয়েছে।’ বৃহস্পতিবার সকাল ৮টায় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

সাতকানিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. জসিম উদ্দিন বলেন, “শিশুর শ্বাসনালিতে খাবার আটকে গেলে দ্রুত মাথা নিচু করে উল্টে ধরতে হয় এবং পেট চেপে ধরে পিঠ চাপড়াতে হয়। এতে আটকে থাকা বস্তু বের হয়ে আসতে পারে। ১০ মিনিটের মধ্যে ব্যবস্থা না নিলে শিশুর মৃত্যুর ঝুঁকি থাকে।”