মানবতাবিরোধী মামলার আসামিরা নির্বাচন ও সরকারি পদে অযোগ্য ঘোষণা

মানবতাবিরোধী অপরাধের মামলায় চার্জশিটভুক্ত কোনো ব্যক্তি আর নির্বাচনে অংশ নিতে পারবেন না বা কোনো সরকারি পদে বহাল থাকতে পারবেন না বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।

তিনি বলেন, “আইসিটি মামলায় যারা মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত হবেন তারা আর কোনো নির্বাচন করতে পারবেন না।” এ জন্য ইন্টারন্যাশনাল ক্রাইম ট্রাইব্যুনাল অ্যাক্ট ১৯৯৭–এ নতুন সেকশন ২০সি যুক্ত করা হয়েছে।

নতুন ধারায় বলা হয়েছে, কোনো ব্যক্তির বিরুদ্ধে উক্ত আইনের সেকশন ৯১ এর অধীনে আনুষ্ঠানিক চার্জ দাখিল হলে তিনি সংসদ সদস্য, স্থানীয় সরকার প্রতিনিধি (চেয়ারম্যান, মেয়র, কমিশনার ইত্যাদি) কিংবা অন্য কোনো সরকারি বা প্রজাতন্ত্রের চাকরিতে নিয়োগ পাওয়ার যোগ্য থাকবেন না।