আফগান ভূমিকম্প দুর্ঘটনায় সহায়তার হাত বাড়ালো বাংলাদেশ, পাঠানো হলো জরুরি ত্রাণ

আফগানিস্তানের পূর্বাঞ্চলে ভয়াবহ ৬ মাত্রার ভূমিকম্পে প্রাণহানি ও ক্ষয়ক্ষতির মধ্যে মানবিক বিপর্যয়ের আশঙ্কা দেখা দিয়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত কমপক্ষে ২ হাজার ২০৫ জন নিহত, ৩ হাজার ৬৪০ জন আহত এবং ৮ হাজারেরও বেশি ঘরবাড়ি ধ্বংস হয়েছে। খাদ্য, পানি, আশ্রয় ও চিকিৎসার তীব্র সংকট মোকাবিলায় ক্ষতিগ্রস্ত আফগান জনগণের জন্য জরুরি মানবিক সহায়তা পাঠিয়েছে বাংলাদেশ।

শুক্রবার (৫ সেপ্টেম্বর) আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এ তথ্য জানায়।

আইএসপিআর জানায়, আজ সকাল ৮টায় বাংলাদেশ বিমান বাহিনীর একটি পরিবহন বিমান ১১ দশমিক ২২৭ টন জরুরি ত্রাণসামগ্রী নিয়ে কাবুলের উদ্দেশ্যে রওনা দেয়। ত্রাণসামগ্রীর মধ্যে রয়েছে তাঁবু, কম্বল, শীতবস্ত্র, বোতলজাত পানি, শুকনো খাবার, বিস্কুট, দুধের গুঁড়া, নুডুলস, কাপড় ও ওষুধ। ত্রাণ হস্তান্তরের পর একই দিনে বিমানটি দেশে ফিরে আসবে।

বিমানটি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগের আগে সশস্ত্র বাহিনী বিভাগের অপারেশন্স ও পরিকল্পনা পরিদপ্তরের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. আলীমুল আমীন সাংবাদিকদের ব্রিফ করেন। এ সময় সশস্ত্র বাহিনী বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তা, বিমান বাহিনীর প্রতিনিধি, পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তাসহ গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।