বিসিএস (পুলিশ) ক্যাডারের ৪১তম ব্যাচের ছয় কর্মকর্তাকে সরকারি চাকরি থেকে অপসারণ করেছে সরকার। তবে তাদের অপসারণের কারণ সম্পর্কে প্রজ্ঞাপনে কোনো ব্যাখ্যা দেওয়া হয়নি।
রোববার (২৮ ডিসেম্বর) রাষ্ট্রপতির আদেশক্রমে এ সংক্রান্ত প্রজ্ঞাপনে সই করেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিব মাহবুবুর রহমান।
প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, বিসিএস (পুলিশ) ক্যাডারের ৪১তম ব্যাচের নিম্নবর্ণিত শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপারদের বাংলাদেশ সিভিল সার্ভিস নিয়োগ বিধিমালা, ১৯৮১-এর বিধি ৬(২)(এ) অনুযায়ী সরকারি চাকরি থেকে অপসারণ করা হয়েছে।
অপসারিত ছয় কর্মকর্তা হলেন- শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপার মো. দেলোয়ার হোসেন (বিপি-৯০২৪৯০০০৮১), মাহমুদুল হক (বিপি-৯৫২৪৯০০০৮৩), মো. ইসহাক হোসেন (বিপি-৯৬২৪৯০০০৮৫), মো. মশিউর রহমান (বিপি-৯৫২৪৯০০১০৬), মুহাম্মদ রাকিব আনোয়ার (বিপি-৯২২৪৯০০১০৮) এবং সাঈদ করিম মুদ্ধ (বিপি-৯৭২৪৯০০১১৮)।





