নতুন সরকারের শপথে আসছেন নেপালের পররাষ্ট্রমন্ত্রী

বিএনপির চেয়ারম্যান তারেক রহমান-এর নেতৃত্বে বাংলাদেশের নবগঠিত সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠানে অংশ নেবেন নেপালের পররাষ্ট্রমন্ত্রী বালা নন্দা শর্মা

রোববার (১৫ ফেব্রুয়ারি) কাঠমান্ডুতে অবস্থিত বাংলাদেশের দূতাবাসের এক কর্মকর্তা এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, শপথ অনুষ্ঠানে যোগ দিতে নেপালের পররাষ্ট্রমন্ত্রী ঢাকায় আসবেন।

ঢাকার একটি কূটনৈতিক সূত্র জানায়, শপথ গ্রহণ অনুষ্ঠানে সার্কভুক্ত দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীদের আমন্ত্রণ জানানো হয়েছে। এর মধ্যে নেপালের পররাষ্ট্রমন্ত্রীর সফর নিশ্চিত হলেও ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর ঢাকায় আসছেন না। পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দারকে অনুষ্ঠানে পাঠানোর বিষয়ে ইসলামাবাদ এখনো চূড়ান্ত সিদ্ধান্ত জানায়নি। একইভাবে ভুটান, শ্রীলঙ্কা, মালদ্বীপ ও আফগানিস্তানের পররাষ্ট্রমন্ত্রীদের অংশগ্রহণও এখনো নিশ্চিত হয়নি।

এদিকে ভারত সরকার জানিয়েছে, বাংলাদেশের নতুন সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠানে ভারতের পক্ষে দেশটির লোকসভার স্পিকার ওম বিড়লা উপস্থিত থাকবেন।

তারেক রহমানের নেতৃত্বাধীন নবনির্বাচিত সরকার আগামী মঙ্গলবার শপথ গ্রহণ করতে যাচ্ছে। শপথ অনুষ্ঠানে অংশ নিতে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস চীন, ভারত ও পাকিস্তানসহ মোট ১৩টি দেশের সরকারপ্রধানকে আমন্ত্রণ জানিয়েছেন। আমন্ত্রিত দেশগুলোর তালিকায় রয়েছে সৌদি আরব, তুরস্ক, সংযুক্ত আরব আমিরাত, কাতার, মালয়েশিয়া, ব্রুনেই, শ্রীলঙ্কা, নেপাল, মালদ্বীপ ও ভুটান।

এর আগে গত বছরের ডিসেম্বরে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া-এর প্রতি শেষ শ্রদ্ধা জানাতে ঢাকায় এসেছিলেন নেপালের পররাষ্ট্রমন্ত্রী বালা নন্দা শর্মা।

প্রসঙ্গত, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৯৭ আসনের মধ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ২০৯টি আসনে জয় পেয়েছে। ফল ঘোষণা স্থগিত থাকা দুটি আসনেও বিএনপির প্রার্থীরা এগিয়ে রয়েছেন। দলটির শরিকরা পেয়েছে তিনটি আসন। অপরদিকে বাংলাদেশ জামায়াতে ইসলামী পেয়েছে ৬৮টি আসন এবং জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় নির্বাচনী ঐক্যের অন্যান্য শরিকরা পেয়েছে ৯টি আসন।