ভোটের হিসাবে এগিয়ে বিএনপি, জামায়াত দ্বিতীয় স্থানে

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৯৯টি সংসদীয় আসনে প্রদত্ত মোট ৭ কোটি ৭৬ লাখ ৯৫ হাজার ২৩ ভোটের মধ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) পেয়েছে ৪৯ দশমিক ৯৭ শতাংশ ভোট। অন্যদিকে বাংলাদেশ জামায়াতে ইসলামী পেয়েছে ৩১ দশমিক ৭৬ শতাংশ ভোট।

রোববার (১৫ ফেব্রুয়ারি) নির্বাচন কমিশন সূত্রে এ তথ্য জানা গেছে।

গত ১২ ফেব্রুয়ারি দেশের ২৯৯টি আসনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। ধানের শীষ প্রতীক নিয়ে বিএনপি ২৯০টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করে ২০৯টি আসনে জয় লাভ করে। তবে দুটি আসনে বিএনপির প্রার্থী বিজয়ী হলেও আদালতের নিষেধাজ্ঞার কারণে ওই আসনের ফলাফল এখনো আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেনি নির্বাচন কমিশন।

দাঁড়িপাল্লা প্রতীকে জামায়াতে ইসলামী ২২৭টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করে ৬৮টি আসনে বিজয়ী হয়। দলটি মোট প্রদত্ত ভোটের ৩১ দশমিক ৭৬ শতাংশ ভোট অর্জন করে।

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) শাপলা কলি প্রতীকে ৩২টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করে ৩ দশমিক ০৫ শতাংশ ভোট পায়। ইসলামী আন্দোলন বাংলাদেশ হাতপাখা প্রতীকে ২৫৭টি আসনে নির্বাচন করে একটি আসনে জয়ী হলেও ভোট পায় ২ দশমিক ৭০ শতাংশ। বাংলাদেশ খেলাফত মজলিস রিকশা প্রতীকে ৩৪টি আসনে নির্বাচন করে কোনো আসন না পেলেও ২ দশমিক ৯০ শতাংশ ভোট অর্জন করে। স্বতন্ত্র প্রার্থীরা মোট ভোটের ৫ দশমিক ৭৯ শতাংশ ভোট পেয়েছেন।

এবারের নির্বাচনে মোট ৫০টি রাজনৈতিক দল অংশ নেয়। এর মধ্যে বিএনপি এককভাবে ২০৯টি, জামায়াত ৬৮টি, এনসিপি ৬টি, বাংলাদেশ খেলাফত মজলিস ২টি এবং খেলাফত মজলিস, ইসলামী আন্দোলন, গণসংহতি আন্দোলন, গণঅধিকার পরিষদ ও বাংলাদেশ জাতীয় পার্টি (বিজেপি) একটি করে আসনে জয়ী হয়। স্বতন্ত্র প্রার্থীরা জয় পান সাতটি আসনে।

আদালতের নিষেধাজ্ঞার কারণে চট্টগ্রাম-২ ও চট্টগ্রাম-৪ আসনের ফলাফল এখনো ঘোষণা করা হয়নি। ওই দুটি আসনে বিএনপির প্রার্থীরা এগিয়ে রয়েছেন বলে জানিয়েছে নির্বাচন কমিশন।

বিএনপি নেতৃত্বাধীন জোট মোট ভোটের ৫১ দশমিক ০৯ শতাংশ ভোট পায়। অন্যদিকে জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় নির্বাচনী জোট পায় ৩৮ দশমিক ৫২ শতাংশ ভোট। এই জোটের শরিকদের মধ্যে এনসিপি ও বাংলাদেশ খেলাফত মজলিস ছাড়া বাকি দলগুলো এক শতাংশের কম ভোট অর্জন করেছে।

এদিকে জাতীয় পার্টি, কমিউনিস্ট পার্টি (সিপিবি), জেএসডি, নাগরিক ঐক্যসহ বেশিরভাগ ছোট দলই এক শতাংশের কোটা অতিক্রম করতে পারেনি। কয়েকটি দল শূন্য শতাংশ ভোটও পেয়েছে বলে নির্বাচন কমিশনের তথ্যে উল্লেখ করা হয়েছে।