নির্বাচনে কারচুপির অভিযোগ: মিয়া গোলাম পরওয়ার

জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেছেন, অভ্যুত্থান-পরবর্তী নতুন বাংলাদেশ বিনির্মাণে একটি গ্রহণযোগ্য নির্বাচন ছিল সময়ের দাবি। অন্তর্বর্তীকালীন সরকারের আন্তরিকতা এবং দেশপ্রেমিক সেনাবাহিনীসহ আইন-শৃঙ্খলা বাহিনীর সহযোগিতায় গত ১২ ফেব্রুয়ারি নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।

তিনি বলেন, আসনসংখ্যায় দলটি প্রত্যাশিত ফল না পেলেও ভোটের শতকরা হারে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে। নির্বাচিত দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) দুই শতাধিক আসন পেলেও ভোটের পার্সেন্টেজে জামায়াতে ইসলামী মাত্র ২ দশমিক ৭ শতাংশ পিছিয়ে রয়েছে।

রোববার (১৫ ফেব্রুয়ারি) খুলনা জেলার ফুলতলার আইডিয়াল পাবলিক স্কুল অ্যান্ড কলেজ চত্বরে উপজেলা জামায়াত আয়োজিত নির্বাচনোত্তর কর্মী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

মিয়া গোলাম পরওয়ার বলেন, জনগণ পরিবর্তনের পক্ষে রায় দিলেও দেশে নির্বাচন সংশ্লিষ্ট ‘ইঞ্জিনিয়ারিং’ দীর্ঘদিনের একটি বাস্তবতা। এ বিষয়ে জামায়াতের আমিরসহ ১১ দলীয় নির্বাচনী ঐক্যের পক্ষ থেকে নির্বাচন কমিশনে ৩২টি আসনে অনিয়মের অভিযোগ জানানো হয়েছে। জনগণের ধারণা, বিভিন্ন কৌশলে ভোটে কারচুপি করে দলটিকে পরাজিত করা হয়েছে। নির্বাচনের পরপরই গেজেট প্রকাশ সেই সন্দেহ আরও বাড়িয়েছে। তাই এ ফলাফলে হতাশ হওয়ার কোনো কারণ নেই।

তিনি আরও বলেন, নির্বাচনের পর পরাজিত দলের নেতাকর্মীদের ওপর নির্যাতনের একটি বাজে সংস্কৃতি দেশে চালু আছে। অভ্যুত্থান-পরবর্তী সময়ে এ সংস্কৃতির অবসান হবে বলে আশা করা হয়েছিল। কিন্তু বাস্তবে দেখা যাচ্ছে, সারাদেশে জামায়াতের নেতাকর্মীদের ওপর হামলা, বাড়িঘরে অগ্নিসংযোগের ঘটনা ঘটছে। এ বিষয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দৃষ্টি আকর্ষণ করা হলেও এখনো পরিস্থিতির উন্নতি হয়নি।

শনিবার রাতে মশিয়ালীতে জামায়াত কর্মীর বাড়িতে আগুন দেওয়ার ঘটনা এবং ডুমুরিয়ায় হামলার খবর পাওয়া গেছে উল্লেখ করে তিনি বলেন, দলীয় নেতাকর্মীদের ধৈর্য ধারণের আহ্বান জানানো হচ্ছে। তবে পরিস্থিতির অবনতি হলে জনগণকে সঙ্গে নিয়ে রাজপথে নামতে বাধ্য হবে জামায়াত।

ভোট পুনর্গণনার বিষয়ে তিনি বলেন, দলের প্রধান এজেন্ট রিটার্নিং অফিসারের কাছে আবেদন করেছেন। তবে দ্রুত গেজেট প্রকাশের কারণে এখন আদালতের রায়ের ভিত্তিতেই পুনর্গণনা সম্ভব হবে। এতে কিছুটা সময় লাগতে পারে। এ জন্য নেতাকর্মীদের বিচলিত না হয়ে ধৈর্যের সঙ্গে পরিস্থিতি মোকাবিলার আহ্বান জানান তিনি।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা জামায়াতের আমির অধ্যাপক আব্দুল আলিম মোল্লা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা জেলা জামায়াতের আমির মাওলানা এমরান হুসাইনসহ জেলা ও উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ।