শপথগ্রহণ উপলক্ষে রাজধানীতে যান চলাচলে নিয়ন্ত্রণ, ডিএমপির ডাইভারশন নির্দেশনা

জাতীয় সংসদ ভবনে নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথগ্রহণ এবং দক্ষিণ প্লাজায় নবগঠিত মন্ত্রিসভার সদস্যদের শপথ অনুষ্ঠান উপলক্ষে মঙ্গলবার (১৬ ফেব্রুয়ারি) রাজধানীতে বিশেষ ট্রাফিক ব্যবস্থা নিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। অনুষ্ঠানকে কেন্দ্র করে জাতীয় সংসদ ভবন এলাকায় বিপুল জনসমাগমের সম্ভাবনা থাকায় নির্দিষ্ট কয়েকটি সড়কে যান চলাচল নিয়ন্ত্রিত থাকবে।

ডিএমপি জানায়, শপথ গ্রহণ অনুষ্ঠান চলাকালীন খেজুর বাগান ক্রসিং থেকে মানিক মিয়া এভিনিউ এবং জুলাই স্মৃতি জাদুঘর (গণভবন ক্রসিং) থেকে উড়োজাহাজ ক্রসিং পর্যন্ত লেক রোডে যান চলাচল সীমিত থাকবে। যানজট এড়াতে মঙ্গলবার সকাল ৮টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত বিকল্প সড়ক ও ডাইভারশন কার্যকর থাকবে।

ডিএমপির উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) মুহাম্মদ তালেবুর রহমান স্বাক্ষরিত সোমবার (১৬ ফেব্রুয়ারি) বিকেলের এক গণবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

ডাইভারশন নির্দেশনা সংক্ষেপে:

  • মিরপুর রোড হয়ে উত্তর দিক থেকে ফার্মগেট/সোনারগাঁও: প্রতিরক্ষা গ্যাপ–চীন মৈত্রী সম্মেলন কেন্দ্র–উড়োজাহাজ ক্রসিং–বিজয় সরণি হয়ে ফার্মগেট।
  • ধানমন্ডি ২৭ থেকে ফার্মগেট: আসাদগেট–প্রতিরক্ষা গ্যাপ–চীন মৈত্রী সম্মেলন কেন্দ্র–উড়োজাহাজ ক্রসিং–বিজয় সরণি হয়ে ফার্মগেট।
  • আসাদগেট থেকে ফার্মগেট: গণভবন ক্রসিং–প্রতিরক্ষা গ্যাপ–চীন মৈত্রী সম্মেলন কেন্দ্র–উড়োজাহাজ ক্রসিং–বিজয় সরণি হয়ে ফার্মগেট।
  • এলিভেটেড এক্সপ্রেসওয়ে/ইন্দিরা রোড থেকে ধানমন্ডি: খেজুর বাগান ক্রসিং–উড়োজাহাজ ক্রসিং–চীন মৈত্রী সম্মেলন কেন্দ্র–প্রতিরক্ষা গ্যাপ–আসাদগেট হয়ে ধানমন্ডি।
  • মিরপুর রোড থেকে ধানমন্ডি: শ্যামলী–শিশুমেলা–গণভবন–আসাদগেট হয়ে ধানমন্ডি ২৭।
  • এলিভেটেড এক্সপ্রেসওয়ে: ফার্মগেট এক্সিট র‌্যাম্পের পরিবর্তে এফডিসি (হাতিরঝিল) র‌্যাম্প ব্যবহার করতে অনুরোধ।

ডিএমপি নগরবাসীকে সকাল ৮টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত মানিক মিয়া এভিনিউ ও লেক রোড এড়িয়ে উল্লিখিত নির্দেশনা অনুযায়ী চলাচলের আহ্বান জানিয়ে সর্বাত্মক সহযোগিতা কামনা করেছে।