ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৭ ও বগুড়া-৬ দুটি আসনেই নির্বাচিত হলেও বগুড়া-৬ আসনটি ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন তারেক রহমান। বিষয়টি সোমবার (১৬ ফেব্রুয়ারি) নিশ্চিত করেছে নির্বাচন কমিশন (ইসি)।
ইসি সচিব আখতার হোসেন জানান, বগুড়া-৬ আসন ছেড়ে দেওয়ার বিষয়ে তারেক রহমানের পক্ষ থেকে আনুষ্ঠানিক চিঠি পাওয়া গেছে। এরই মধ্যে আসনটি শূন্য ঘোষণা করে গেজেট প্রকাশের প্রক্রিয়া চলছে।
গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও) অনুযায়ী, একজন ব্যক্তি একসঙ্গে সর্বোচ্চ তিনটি আসনে প্রার্থী হতে পারেন। তবে একাধিক আসনে বিজয়ী হলে গেজেট প্রকাশের ৩০ দিনের মধ্যে কমিশনকে জানাতে হয় কোন আসনটি তিনি রাখবেন। নির্ধারিত সময়ের মধ্যে সিদ্ধান্ত না জানালে কমিশন একটি আসন রেখে বাকি আসনগুলো শূন্য ঘোষণা করতে পারে।
গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত নির্বাচনে দুই আসনেই জয়ী হন তারেক রহমান। ঢাকা-১৭ আসনে তিনি পেয়েছেন ৭২ হাজার ৬৯৯ ভোট, যেখানে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর এএসএম খালিদুজ্জামান পান ৬৮ হাজার ৩০০ ভোট। বগুড়া-৬ আসনে বড় ব্যবধানে জয়ী হয়ে তারেক রহমান পেয়েছেন ২ লাখ ১৬ হাজার ২৮৪ ভোট; সেখানে জামায়াতে ইসলামীর আবিদুর রহমান সোহেল পান ৯৭ হাজার ৬২৬ ভোট।
আইন অনুযায়ী, কোনো আসন শূন্য ঘোষণার ৯০ দিনের মধ্যে উপ-নির্বাচন আয়োজন করতে হয়। সে অনুযায়ী বগুড়া-৬ আসনে শিগগিরই নতুন তফসিল ঘোষণা করবে ইসি।
উল্লেখ্য, ১২ ফেব্রুয়ারি ২৯৯টি আসনে নির্বাচন হওয়ার কথা থাকলেও শেরপুর-৩ আসনে বৈধ প্রার্থীর মৃত্যুর কারণে ভোট স্থগিত হয়। পাশাপাশি আইনি জটিলতায় চট্টগ্রাম-২ ও চট্টগ্রাম-৪ আসনের ফলাফল এখনও চূড়ান্ত হয়নি। ঘোষিত ২৯৭টি আসনের ফলাফলে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এককভাবে ২১২টি আসন পেয়ে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে।





