কড়াইল বস্তিবাসীদের ফ্ল্যাট দেওয়ার প্রতিশ্রুতি তারেক রহমানের

কড়াইল বস্তিবাসীর পুনর্বাসনে বহুতল ভবন ও ফ্ল্যাট দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।

মঙ্গলবার (২০ জানুয়ারি) রাজধানীর বনানীর টিঅ্যান্ডটি কলোনিতে কড়াইলবাসীর উদ্যোগে আয়োজিত এক দোয়া মাহফিলে তিনি এই আশ্বাস দেন। সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। দোয়া মাহফিলে তারেক রহমানের সঙ্গে তার সহধর্মিণী ডা. জোবায়দা রহমান উপস্থিত ছিলেন।

বক্তব্যে তারেক রহমান বলেন, বিএনপি মানুষের জন্য রাজনীতি করে এবং অতীতে রাষ্ট্র পরিচালনার সময় দল যে প্রতিশ্রুতি দিয়েছে, তা রক্ষা করার সর্বোচ্চ চেষ্টা করেছে। ভবিষ্যৎ পরিকল্পনার কথা তুলে ধরে তিনি বলেন, কড়াইলবাসীর দীর্ঘদিনের কষ্টের সমাধানে ধাপে ধাপে উদ্যোগ নেওয়া হবে। এ এলাকায় উঁচু বহুতল ভবন নির্মাণ করে ছোট ছোট ফ্ল্যাট তৈরি করা হবে।

তিনি আরও জানান, কড়াইলের দীর্ঘদিনের বাসিন্দাদের নাম নিবন্ধনের মাধ্যমে এসব ফ্ল্যাট তাদের নামেই হস্তান্তর করা হবে, যাতে ঢাকা শহরের গুরুত্বপূর্ণ এলাকায় তারা মর্যাদার সঙ্গে বসবাসের সুযোগ পান।

শিক্ষা ও স্বাস্থ্যসেবা প্রসঙ্গে তারেক রহমান বলেন, কড়াইল এলাকার শিশুদের জন্য মানসম্মত শিক্ষা, খেলাধুলা ও চিকিৎসাসেবার ব্যবস্থা করা হবে। এলাকার মধ্যেই ক্লিনিক ও হাসপাতাল স্থাপন করে স্বাস্থ্যসেবা সহজলভ্য করার পরিকল্পনার কথাও জানান তিনি।

নারীদের অর্থনৈতিক স্বাবলম্বিতা প্রসঙ্গে তিনি বলেন, খালেদা জিয়া নারীদের জন্য বিনা মূল্যে শিক্ষার ব্যবস্থা করেছিলেন। ভবিষ্যতে বিএনপি মা-বোনদের আর্থিকভাবে সচ্ছল করতে ‘ফ্যামিলি কার্ড’ চালুর উদ্যোগ নেবে।

ব্যক্তিগত আবেগ প্রকাশ করে তারেক রহমান বলেন, তিনি নিজেও এই এলাকার সন্তান এবং কড়াইলবাসীর সুখ-দুঃখে সব সময় পাশে থাকার অঙ্গীকার করেন।

দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মাওলানা ইব্রাহিম বিন আলী। অনুষ্ঠানে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস সালাম, ডা. ফরহাদ হালিম ডোনাসহ ঢাকা মহানগর উত্তর বিএনপি ও স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।