ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচের টেস্ট সিরিজের মধ্য দিয়ে শেষ হয়েছে নিউজিল্যান্ডের ঘরোয়া মৌসুম। ম্যাট হেনরি ও উইলিয়াম ও’রোর্কের অনুপস্থিতিতে এই সিরিজে দুর্দান্ত পারফরম্যান্স দেখান জ্যাকব ডাফি। তিন ম্যাচে ২৩ উইকেট নিয়ে নিজের সামর্থ্যের প্রমাণ দেন তিনি। শেষ টেস্টে ৩২৩ রানের বড় জয় পায় কিউইরা, আর এতে করে সিরিজটি তারা জিতে নেয় ২-০ ব্যবধানে।
মাউন্ট মঙ্গানুইয়ে নিউজিল্যান্ডের ৫৭৫ রানের জবাবে ওয়েস্ট ইন্ডিজ প্রথম ইনিংসে লড়াই করলেও দ্বিতীয় ইনিংসে সম্পূর্ণ বিপর্যস্ত হয়। ৪৬২ রানের লক্ষ্য তাড়া করতে নেমে কোনো উইকেট না হারিয়ে ৮৭ রান তুললেও হঠাৎ ধস নামে ক্যারিবিয়ান শিবিরে। মাত্র ৫১ রানের ব্যবধানে শেষ ১০ উইকেট হারিয়ে তারা বড় ব্যবধানে পরাজয় বরণ করে নেয়।
এই সিরিজে ডাফি তিনবার করে পাঁচ উইকেট নেন। নিউজিল্যান্ডের হয়ে এক সিরিজে তার চেয়ে বেশি উইকেট নিতে পেরেছেন কেবল রিচার্ড হ্যাডলি (৩৩ উইকেট, অস্ট্রেলিয়ার বিপক্ষে ১৯৮৫) ও ব্রুস টেলর (২৭ উইকেট, ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ১৯৭২)। দীর্ঘ ৪০ বছর পর এক সিরিজে সর্বোচ্চ উইকেটশিকারি নিউজিল্যান্ডার হিসেবে তিনি সিরিজ সেরার পুরস্কারও জেতেন।
আগের দিনের অসমাপ্ত খেলায় ৪৩ রানে মাঠ ছাড়েন জন ক্যাম্পবেল ও ব্র্যান্ডন কিং। ক্যাম্পবেল ১৬ রানে আউট হলে ৩৩তম ওভারে ভাঙে তাদের ওপেনিং জুটি। কিং ইনিংস সর্বোচ্চ ৬৭ রান করেন। ৮৭ রানে ওপেনিং জুটি ভাঙার পর দ্রুতই গুটিয়ে যায় ওয়েস্ট ইন্ডিজ, ১৩৮ রানে অলআউট হয় তারা।
১১ জন ব্যাটারের মধ্যে চারজন দুই অঙ্কের রান করতে সক্ষম হন। শেষ দিকে টেভিন ইমলাচ ১৫ রানে অপরাজিত থাকেন, আর অ্যান্ডারসন ফিলিপ করেন ১০ রান।
বোলিংয়ে ডাফি ৪২ রান দিয়ে পাঁচ উইকেট নেন। এজাজ প্যাটেল শিকার করেন তিনটি উইকেট। দীর্ঘদিন দেশের মাটিতে উইকেটখরায় ভোগা এই স্পিনার ম্যাচ শেষে পাঁচ উইকেট পূর্ণ করেন। ব্যাট হাতে ডাবল সেঞ্চুরি ও সেঞ্চুরি করে ম্যাচসেরার পুরস্কার জেতেন ডেভন কনওয়ে।





