দুই সীমান্ত এলাকায় বিএসএফের গুলিতে প্রাণ গেল দুই বাংলাদেশির

সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের গুলিতে দেশের দুই এলাকায় দুই বাংলাদেশি নিহত হয়েছেন। ঘটনাগুলো ঘটে সুনামগঞ্জের দোয়ারাবাজার এবং ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলায়।

 

সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার ভাঙারপাড় সীমান্ত এলাকায় শুক্রবার রাতে বিএসএফের গুলিতে নিহত হন শফিকুল ইসলাম (৪৫)। তিনি ওই এলাকারই বাসিন্দা। বিজিবির তথ্য অনুযায়ী, ওই রাতে ১০-১২ জন বাংলাদেশি গরু আনতে অবৈধভাবে ভারতের প্রায় ৫০০ গজ ভেতরে গেলে বিএসএফ তাঁদের বাধা দেয়। এ সময় সংঘর্ষের একপর্যায়ে বিএসএফ গুলি চালায়, তাতে শফিকুল গুরুতর আহত হন। পরে তাঁকে দোয়ারাবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে রাত আড়াইটার দিকে তাঁর মৃত্যু হয়।

 

অন্যদিকে, আজ শনিবার ভোররাতে ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলার মিনাপুর সীমান্ত এলাকায় বিএসএফের গুলিতে মারা যান মো. রাসেল (২০)। তিনি রাজবাড়ী এলাকার বাসিন্দা নিয়াজ উদ্দিনের ছেলে। প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, ভোর চারটার দিকে রাসেলসহ কয়েকজন ভারতীয় সীমানার কাছাকাছি গেলে বিএসএফ গুলি চালায়। ঘটনাস্থলেই রাসেল নিহত হন এবং বিএসএফ তাঁর মরদেহ ভারতে নিয়ে যায়।

 

রাসেলের বাবা জানান, তাঁর ছেলে মাঝে মাঝে ছোটখাটো কাজ করত। দুই দিন ধরে নিখোঁজ ছিল সে। ধারণা করা হচ্ছে, কেউ হয়তো টাকার লোভ দেখিয়ে তাকে সীমান্তে নিয়ে গেছে।

 

বিষয়টি নিয়ে বিজিবি ও বিএসএফের মধ্যে কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠকের উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন দিনাজপুর বিজিবি-৪২ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল আবদুল্লাহ আল মঈন হাসান। বৈঠকের পর বিস্তারিত তথ্য জানানো হবে।

 

হরিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাকারিয়া মণ্ডল বলেন, বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত হওয়ার খবর তাঁরা পেয়েছেন, তবে বিস্তারিত তথ্য এখনো জানা যায়নি।