নতুন বাংলাদেশের রূপরেখা ঘোষণা করতে কেন্দ্রীয় শহীদ মিনারে সমাবেশের আয়োজন করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। আজ রোববার (৩ আগস্ট) বিকেল ৪টায় সমাবেশ শুরু হওয়ার কথা রয়েছে। এরই মধ্যে বিভিন্ন জেলা থেকে নেতাকর্মীরা সমাবেশস্থলে আসতে শুরু করেছেন।
সমাবেশস্থলে সরেজমিনে দেখা গেছে, শহীদ মিনারের বেদীর দুই পাশে বড় দুটি প্রজেক্টর স্থাপন করা হয়েছে। এছাড়া আরও কয়েকটি মনিটরও বসানো হয়েছে, যেখানে জুলাই আন্দোলনের বিভিন্ন ভিডিও দেখানো হচ্ছে। উপস্থিত আছেন গণমাধ্যমের সাংবাদিকরাও। তবে বিকেল ৪টা পর্যন্ত নেতাকর্মীদের উল্লেখযোগ্য ভিড় দেখা যায়নি।
জয়পুরহাট থেকে আগত এক এনসিপি কর্মী হাসান বলেন, “আজকের দিনটি হবে ঐতিহাসিক। এনসিপির ঘোষিত ইশতেহারে নতুন বাংলাদেশের সূচনা হবে। এতে দেশের সার্বভৌমত্ব রক্ষা ও জনগণের কল্যাণ নিশ্চিত করার প্রতিশ্রুতি থাকবে।”
দলীয় একটি সূত্র জানিয়েছে, এই সমাবেশ থেকে ‘নতুন বাংলাদেশ’ গড়ার লক্ষ্যে ২৪ দফার একটি ইশতেহার ঘোষণা করা হবে। এতে থাকবে—পররাষ্ট্রনীতি, খাদ্য নিরাপত্তা, শিক্ষা, স্বাস্থ্য, অর্থনীতি, দুর্নীতিমুক্ত প্রশাসন গঠনের কৌশল, প্রবাসীদের উন্নয়ন পরিকল্পনা, নগরায়ন ও আধুনিক প্রযুক্তি বিশেষ করে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বিষয়ক দিকনির্দেশনা।





