কক্সবাজার সৈকত তীরবর্তী ঝাউবনে সাংবাদিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

কক্সবাজার শহরের সমুদ্র সৈকত সংলগ্ন ঝাউবনে স্থানীয় এক সাংবাদিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) সকাল ৯টার দিকে সৈকতের গলফ মাঠের পাশের ঝাউবাগানে স্থানীয়রা মরদেহটি দেখতে পান। পরে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছবি ছড়িয়ে পড়লে নিহত যুবককে শনাক্ত করা হয়। তিনি মোহাম্মদ আমিন (২৫), দৈনিক আমার প্রাণের বাংলাদেশ জাতীয় পত্রিকার উখিয়া উপজেলা প্রতিনিধি এবং উখিয়ার পালংখালী ইউনিয়নের বালুখালী ১ নম্বর ওয়ার্ডের বাসিন্দা।

কক্সবাজার সদর মডেল থানার ওসি মোহাম্মদ ইলিয়াস খান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে। তার পকেট থেকে চট্টগ্রাম-কক্সবাজার রুটের একটি বাসের টিকিটও পাওয়া গেছে, যাতে যাত্রার সময় লেখা রয়েছে ৩ সেপ্টেম্বর রাত ৯টা ২০ মিনিট।

পুলিশের প্রাথমিক ধারণা, এটি আত্মহত্যার ঘটনা হতে পারে।