জয়পুরহাটের আক্কেলপুর উপজেলায় মালয়েশিয়া প্রবাসী সোহেল রানা ও তার পরিবারের সদস্যদের জিম্মি করে ডাকাতির ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) ভোরে উপজেলার গোপীনাথপুর ইউনিয়নের পূর্বপাড়া গ্রামে এই ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, রাতে পরিবারের সবাই ঘুমিয়ে পড়লে ২০-২২ জন ডাকাত জানালার গ্রিল কেটে বাড়িতে প্রবেশ করে। প্রথমে তারা সোহেল রানার বাবা রুবেল হোসেনকে অস্ত্রের মুখে জিম্মি করে দ্বিতীয় তলায় নিয়ে যায়। সেখানে দরজা খোলার সঙ্গে সঙ্গেই সোহেল রানাকেও জিম্মি করে হাত-পা বেঁধে পুরো পরিবারকে আটকে রাখে।
ডাকাতরা ঘরবাড়ি তছনছ করে নগদ ২৯ হাজার টাকা ও প্রায় ১৭ ভরি স্বর্ণালঙ্কার লুট করে পালিয়ে যায়। পরে ঘটনাটি থানায় জানানো হলে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।
এ ঘটনায় বিকেল সাড়ে ৪টায় প্রবাসী সোহেল রানা বাদী হয়ে থানায় মামলা দায়ের করেছেন। আক্কেলপুর থানার ওসি শফিকুল ইসলাম জানান, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে পুলিশ ও পুলিশ সুপার ঘটনাস্থল পরিদর্শন করেছেন। বিষয়টি তদন্তাধীন রয়েছে।





