ফরিদপুরের ভাঙ্গা উপজেলার আলগী ও হামিরদী ইউনিয়নকে ফরিদপুর-৪ আসন থেকে বাদ দিয়ে ফরিদপুর-২ আসনে অন্তর্ভুক্ত করার প্রতিবাদে স্থানীয়রা সড়ক অবরোধ করেন। তবে প্রায় ২ ঘণ্টা ৪৫ মিনিট পর প্রশাসনের আশ্বাসে অবরোধ তুলে নেন তারা।
শুক্রবার (৫ সেপ্টেম্বর) বিকেল ৪টা থেকে ভাঙ্গা গোলচত্বরের ঢাকা-খুলনা ও ঢাকা-বরিশাল মহাসড়কের প্রবেশমুখে একযোগে অবরোধ শুরু হয়। এতে দুই মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। দূরপাল্লার বাস ও পণ্যবাহী ট্রাকসহ অসংখ্য যানবাহন আটকে পড়ায় যাত্রীরা চরম ভোগান্তিতে পড়েন।
অবশেষে সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটে উপজেলা নির্বাহী কর্মকর্তার আশ্বাসে অবরোধকারীরা সড়ক ছেড়ে দেন। ধীরে ধীরে যান চলাচল স্বাভাবিক হতে শুরু করে।
ভাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মিজানুর রহমান জানান, ভাঙ্গা একটি ঐতিহ্যবাহী উপজেলা। বিভাজন ঠেকাতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে এবং বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। আগামী ৪৮ ঘণ্টার মধ্যে সমাধানের আশা করা যাচ্ছে।
ভাঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রোকিবুজ্জামান বলেন, অবরোধকারীরা প্রায় তিন ঘণ্টা সড়ক অবরুদ্ধ রাখলেও প্রশাসনের আশ্বাসে তা প্রত্যাহার করেন। বর্তমানে যান চলাচল স্বাভাবিক রয়েছে।





