ভিপি নুরুল হক নূরের ওপর হামলা ও স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবিতে পটুয়াখালীতে বিক্ষোভ ও অবরোধ কর্মসূচি করেছে জেলা গণ অধিকার পরিষদ।
বুধবার (৩ সেপ্টেম্বর) রাতে নতুনবাজার থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে চৌরাস্তা এলাকায় গিয়ে শেষ হয়। পরে ঢাকা–কুয়াকাটা মহাসড়কের চৌরাস্তা ট্রাফিক বক্সের সামনে প্রায় এক ঘণ্টা অবরোধ কর্মসূচি পালন করা হয়। এতে অন্তত এক কিলোমিটার দীর্ঘ যানজট সৃষ্টি হয়।
অবরোধ শেষে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য দেন জেলা গণ অধিকার পরিষদের সদস্য সচিব শাহ-আলম সিকদার, যুগ্ম আহ্বায়ক এম. সোহেল রানা ও মশিউর রহমান সাদ্দাম মৃধা। এছাড়াও উর্মি আক্তার, শিল্পী রানা, সাইফুল ইসলাম রুম্মান, আবদুর রহমান, ফারুক হাওলাদার, রিয়াজ হাওলাদার, আবু নাঈম, মহসিন ইসলামসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।
পটুয়াখালী সদর থানার ওসি মো. ইমতিয়াজ আহমেদ জানান, কর্মসূচির কারণে সাময়িকভাবে যান চলাচল ব্যাহত হলেও বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।





