৯০১ কোটি টাকায় বিবিয়ানা দক্ষিণ বিদ্যুৎকেন্দ্র মেরামতের অনুমোদন

বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (বাবিউবো) আওতাধীন বিবিয়ানা দক্ষিণ ৪০০ মেগাওয়াট কম্বাইন্ড সাইকেল বিদ্যুৎকেন্দ্র মেরামতের সিদ্ধান্ত নিয়েছে সরকার। এ কাজে ব্যয় হবে ৯০১ কোটি ৮৫ লাখ টাকার বেশি।

মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়। বৈঠকে সভাপতিত্ব করেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমদ।

সূত্র জানায়, কেন্দ্রটির গ্যাস টারবাইন অত্যাধুনিক সিঙ্গেল স্যাপ্ট এবং সেলফ সিক্রোনাইজ সিফটিং ক্লাচ প্রযুক্তি ব্যবহৃত। যন্ত্রাংশ কেবল সিমেন্স কোম্পানি উৎপাদন করে থাকে। এছাড়া বিদ্যুৎকেন্দ্রটির ওয়ারেন্টি মেয়াদও শেষ হয়ে গেছে।

দরপত্র আহ্বানের পর একমাত্র দরদাতা প্রতিষ্ঠান হিসেবে কনসোর্টিয়াম অব সিমেন্স এনার্জি গ্লোবাল জিএমবিএইচ অ্যান্ড কে জি, জার্মানি এবং সিমেন্স এনার্জি বাংলাদেশ লি. মনোনীত হয়। সরাসরি ক্রয় পদ্ধতিতে এই প্রতিষ্ঠান থেকেই মেরামত সেবা নেওয়ার সিদ্ধান্ত নেয় সরকার।