জাতিসংঘ কমিশনের প্রতিবেদন: গাজায় ইসরায়েলের গণহত্যা, অভিযুক্ত সর্বোচ্চ নেতৃত্ব

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েল সুপরিকল্পিত গণহত্যা চালিয়েছে বলে জাতিসংঘের স্বাধীন আন্তর্জাতিক তদন্ত কমিশন (সিওআই) এক প্রতিবেদনে জানিয়েছে।

মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, গণহারে হত্যাযজ্ঞ, ত্রাণ প্রবেশে বাধা, জোরপূর্বক স্থানচ্যুতি এবং শিশুদের ক্লিনিক ধ্বংসের মতো কার্যক্রমের মাধ্যমে ইসরায়েল গাজায় গণহত্যা চালিয়েছে।

কমিশনের প্রধান নাভি পিল্লাই বলেন, “গাজায় গণহত্যা হচ্ছে এবং তা এখনো চলছে। এসব নৃশংস অপরাধের দায় ইসরায়েলের সর্বোচ্চ নেতাদের ওপর বর্তায়। গত দুই বছর ধরে তারা গণহত্যার পরিকল্পনা করে এসেছে, যার মূল লক্ষ্য ফিলিস্তিনিদের ধ্বংস করা।”

প্রতিবেদন প্রকাশের পর ইসরায়েল এটি প্রত্যাখ্যান করে এবং কমিশন বিলুপ্তির দাবি জানায়। অন্যদিকে, একই সময়ে ইসরায়েলি সেনারা গাজা সিটিতে আনুষ্ঠানিকভাবে স্থল হামলা শুরু করে।

এ পর্যন্ত ইসরায়েলি হামলায় গাজায় প্রায় ৬৫ হাজার মানুষ নিহত এবং দেড় লাখের বেশি আহত হয়েছেন। হামলার ফলে গাজার আইনশৃঙ্খলা ভেঙে পড়েছে এবং অবরোধের কারণে বিভিন্ন এলাকায় দুর্ভিক্ষ দেখা দিয়েছে।