শ্যামলীতে আ. লীগের ঝটিকা মিছিলে ককটেল বিস্ফোরণ,পুলিশের হাতে ৬ জন আটক

রাজধানীর শ্যামলীতে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের ঝটিকা মিছিলে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এসময় পুলিশ ঘটনাস্থল থেকে ছয়জনকে আটক করেছে।

মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) সকাল আটটার দিকে শ্যামলী শিশুমেলা থেকে আগারগাঁও চক্ষু হাসপাতালের সামনে পর্যন্ত প্রায় ৭০–৮০ জন কর্মী নিয়ে হঠাৎ মিছিল শুরু হয়।

শেরেবাংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমাউল হক বলেন, পুলিশ উপস্থিত হলে মিছিলকারীরা ককটেল বিস্ফোরণ ঘটায়। পরে ধাওয়া দিয়ে ছয়জনকে আটক করা হয়। এসময় মোটরসাইকেলে থাকা কয়েকজন স্লোগান দিতে থাকেন। তাদের কাছ থেকে একটি মোটরসাইকেল ও একটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে।

তিনি আরও জানান, যাচাই–বাছাই শেষে আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।