খুলনায় একটি বেসরকারি হাসপাতাল থেকে নবজাতক চুরির ঘটনা ঘটেছে। সোমবার (১৫ সেপ্টেম্বর) দুপুরে নগরীর রূপসা ট্রাফিক মোড়ে অবস্থিত ড্যাপস্ হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারের তৃতীয় তলা থেকে এই শিশুটি নিখোঁজ হয়।
নবজাতকের মা ফারজানা জানান, সকাল সাড়ে ১১টার দিকে তিনি ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়েন। এসময় শিশু ছেলেটি তার নানির পাশে শুয়ে ছিল। তবে দুপুরে ঘুম থেকে উঠে সন্তানকে না পেয়ে তিনি চিৎকার শুরু করলে পুরো ওয়ার্ডজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে। মুহূর্তেই হাসপাতালজুড়ে খোঁজাখুঁজি শুরু হয় এবং স্বজনরা কান্নায় ভেঙে পড়েন।
চারদিন আগে মোংলার সুজন ও ফারজানা দম্পতির ঘরে এই নবজাতকের জন্ম হয়। আনন্দঘন সেই মুহূর্ত হঠাৎই শোকে পরিণত হয়েছে সন্তানের নিখোঁজ হওয়ার ঘটনায়।
স্বজনরা অভিযোগ করেন, হাসপাতালের সিসি টিভি ফুটেজে দেখা যায়, দ্বিতীয় তলায় অবস্থানরত এক নারীকে শিশু ঢেকে নিয়ে যেতে। যদিও শিশুটি আসলেই তাদের নবজাতক কি না তা পরিষ্কারভাবে বোঝা যায়নি। তবে পরিবারের সন্দেহের তীর ওই নারীর দিকেই। তারা দ্রুত তদন্ত করে নবজাতককে উদ্ধার করার দাবি জানাচ্ছেন প্রশাসনের কাছে।
খুলনা সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাওলাদার সানওয়ার হুসাইন মাসুম বলেন, “ড্যাপস্ হসপিটাল থেকে নবজাতক নিখোঁজের সংবাদ পেয়ে পুলিশ তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে পৌঁছেছে। বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে। আশাকরি দ্রুত শিশুটিকে উদ্ধার করা সম্ভব হবে।”
এ ঘটনায় হাসপাতাল কর্তৃপক্ষের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছেন স্থানীয়রা। তাদের দাবি, হাসপাতালে নিরাপত্তা ব্যবস্থা যথেষ্ট শক্তিশালী হলে এমন ঘটনা ঘটতো না। এখনো শিশুটিকে উদ্ধার করা না যাওয়ায় পুরো পরিবারে শোক-আতঙ্ক বিরাজ করছে।





