ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় কাতারে আহত ১৬

ইরান থেকে ছোড়া ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় কাতারে এখন পর্যন্ত ১৬ জন হতাহত হয়েছেন। এর মধ্যে শনিবার ৮ জন এবং রোববার আরও ৮ জন আহত হয়েছেন।

হামলার ফলে রাজধানী দোহাসহ বিভিন্ন এলাকায় আগুন লাগা ও সীমিত পরিসরে ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেছে। কাতারের নিরাপত্তা কর্তৃপক্ষ এক বিবৃতিতে জানায়, শনিবার থেকে এ পর্যন্ত কাতারে অবস্থিত মার্কিন ঘাঁটিকে লক্ষ্য করে ইরান অন্তত ৭০টি ক্ষেপণাস্ত্র ও ২৫টি ড্রোন নিক্ষেপ করেছে। এর মধ্যে কাতারের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ব্যবহার করে ৬৫টি ক্ষেপণাস্ত্র ও ১২টি ড্রোন প্রতিহত করা সম্ভব হয়েছে।

ইরান–ইসরায়েল–যুক্তরাষ্ট্রের মধ্যে যুদ্ধ শুরুর পরপরই কাতারের নিরাপত্তা বাহিনী ও বেসামরিক প্রতিরক্ষা বিভাগ সর্বোচ্চ সতর্কতা জারি করে। শনিবার জারি করা এক জরুরি নির্দেশনায় নাগরিক ও প্রবাসীদের অপ্রয়োজনে বাইরে না বের হওয়ার এবং চলাচল সীমিত রাখার আহ্বান জানানো হয়। পাশাপাশি কোথাও ধ্বংসাবশেষ বা সন্দেহজনক কোনো বস্তু দেখা গেলে তা স্পর্শ না করে জরুরি নম্বর ৯৯৯-এ ফোন করে পুলিশকে জানাতে বলা হয়।

রাজধানী দোহার অদূরে মরুভূমিতে অবস্থিত ২৪ হেক্টর আয়তনের আল-উদেইদ বিমানঘাঁটি যুক্তরাষ্ট্রের সেন্টকমের ফরওয়ার্ড সদর দপ্তর হিসেবে ব্যবহৃত হয়। এই ঘাঁটি থেকেই পশ্চিমে মিসর থেকে শুরু করে পূর্বে কাজাখস্তান পর্যন্ত বিস্তৃত অঞ্চলে মার্কিন সামরিক অভিযান পরিচালনা করা হয়।

মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের বিভিন্ন সামরিক ঘাঁটির মধ্যে আল-উদেইদ সবচেয়ে বড়। এখানে প্রায় ১০ হাজার মার্কিন সেনা অবস্থান করছেন।