ক্ষমতায় এসেই অন্ধ আচরণ শুরু করেছে বিএনপি সরকার: ফুয়াদ

বিএনপি সরকার ক্ষমতায় এসেই অন্ধ আচরণ শুরু করেছে বলে মন্তব্য করেছেন আমার বাংলাদেশ (এবি) পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ।

রোববার (৮ মার্চ) দুপুরে রাজধানীর তোপখানা রোডে সিরডাপ মিলনায়তনে গণভোট বাস্তবায়ন নাগরিক ফোরামের এক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।

তিনি বলেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা কিছু সময় পরে এ ধরনের আচরণ শুরু করেছিলেন, কিন্তু বর্তমান সরকার শপথ নেওয়ার দিন থেকেই তা শুরু করেছে। শপথ নেওয়ার পর এসব করা যেত, কিন্তু তারা শুরু থেকেই গণঅভ্যুত্থানকে অস্বীকার করার চেষ্টা করছে। তার দাবি, তারা দিল্লির আধিপত্য মেনে নিয়েই ক্ষমতায় এসেছে এবং কোনো না কোনোভাবে আওয়ামী ফ্যাসিবাদকে পুনর্বাসনের চেষ্টা করছে।

ব্যারিস্টার ফুয়াদ বলেন, গণঅভ্যুত্থানের সরকারের যথাযথ মর্যাদা ও আইনগত স্বীকৃতি দেওয়া হয়নি। তার মতে, একটি গণঅভ্যুত্থানকে ক্যান্টনমেন্ট থেকে বঙ্গভবন হয়ে সংবিধানের ১০৬ অনুচ্ছেদের মাধ্যমে সুপ্রিম কোর্টের মাধ্যমে ‘ডাস্টবিনে ফেলে দেওয়া হয়েছে’। তিনি এটিকে দেশের ‘আদি পাপ’ হিসেবে উল্লেখ করেন এবং বলেন, এই সিদ্ধান্তের প্রভাব এখনো বহন করতে হচ্ছে।

তিনি আরও বলেন, বর্তমানে জুলাই সনদ, তার অধ্যাদেশ এবং গণভোটকে প্রশ্নবিদ্ধ করা হচ্ছে। তার মতে, পূর্ববর্তী সরকারের আইনগত অবস্থান স্পষ্টভাবে নির্ধারণ না করার কারণেই এসব বিতর্ক তৈরি হয়েছে। তিনি দাবি করেন, কেবল বঙ্গভবনে গিয়ে কয়েকটি লাইন পড়ে শপথ নিলেই একটি সরকার সাংবিধানিক সরকার হয়ে যায় না।

বিএনপি সরকারও একই ধরনের রাজনৈতিক ‘চোরাবালিতে’ পা দিয়েছে বলে মন্তব্য করেন তিনি। তার মতে, আওয়ামী লীগ এবং দিল্লি ইস্যু সঠিকভাবে মোকাবিলা করতে না পারার কারণে ১৯৭৫-পরবর্তী সময়ের মতোই ২০২৪-পরবর্তী পরিস্থিতিতেও একই ধরনের রাজনৈতিক সংকট তৈরি হয়েছে।

বিএনপি শহীদদের রক্তের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে বলেও অভিযোগ করেন তিনি। তিনি বলেন, সম্প্রতি স্বাধীনতা পুরস্কার ও বিশেষ নারী পুরস্কার ঘোষণা করা হয়েছে, কিন্তু সেখানে ২০২৪ সালের গণঅভ্যুত্থানের কোনো প্রতিফলন নেই এবং সেই আন্দোলনের কোনো নায়ককে স্বীকৃতি দেওয়া হয়নি।

শেষে তিনি বলেন, বিএনপি সরকারের ক্ষমতার চোখে ‘ছানি’ পড়েছে এবং দ্রুত তা দূর না করলে দেশের ভবিষ্যৎ রাজনীতি অন্ধকারের দিকে যেতে পারে।