মধ্যপ্রাচ্যের উপসাগরীয় অঞ্চলের দেশ সংযুক্ত আরব আমিরাত-এর প্রধান সমুদ্রবন্দর ফুজাইরাহ বন্দর-এর কাছে একটি তেলবাহী ট্যাঙ্কার জাহাজে হামলার ঘটনা ঘটেছে। মঙ্গলবার ভোরে এ হামলা হয় বলে জানিয়েছে ইউকে মেরিটাইম ট্রেড অপারেশন (ইউকেএমটো)।
ফুজাইরাহ ওমান উপসাগর তীরবর্তী একটি গুরুত্বপূর্ণ বন্দর। যে এলাকায় ট্যাঙ্কারটি হামলার শিকার হয়েছে, তা বন্দর থেকে প্রায় ২৩ নটিক্যাল মাইল দূরে এবং তখন জাহাজটি নোঙর করা অবস্থায় ছিল।
ইউকেএমটির বিবৃতিতে বলা হয়েছে, জাহাজটিতে কোনো বিস্ফোরক বস্তু আঘাত হেনেছে। এটি ড্রোন, ক্ষেপণাস্ত্র নাকি অন্য কিছু- তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। তবে হামলায় জাহাজটির বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়নি এবং কোনো হতাহতও হয়নি।
হরমুজ প্রণালি-এর কাছাকাছি অবস্থিত ফুজাইরাহ বন্দর আমিরাতের জ্বালানি বাণিজ্যের একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র। দেশটির অধিকাংশ তেল এই বন্দর দিয়েই রপ্তানি করা হয়। তবে ইরানকে ঘিরে চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে বন্দরটি বর্তমানে বন্ধ রয়েছে।





