ইউজিসির নতুন চেয়ারম্যান ড. মামুন আহমেদ

বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) ১৫তম চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন শিক্ষাবিদ ও গবেষক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-উপাচার্য (অ্যাকাডেমিক) প্রফেসর ড. মামুন আহমেদ। শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের জারিকৃত প্রজ্ঞাপন অনুযায়ী বুধবার (১৮ মার্চ) তিনি আনুষ্ঠানিকভাবে দায়িত্বভার গ্রহণ করেন।

এ সময় বিদায়ী চেয়ারম্যান প্রফেসর ড. এস এম এ ফায়েজ নবনিযুক্ত চেয়ারম্যানের কাছে দায়িত্ব হস্তান্তর করেন। দায়িত্ব গ্রহণ অনুষ্ঠানে ইউজিসির সদস্যবৃন্দ, সচিবসহ সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন আইন, ১৯৭৩ অনুযায়ী ড. মামুন আহমেদকে চার বছরের জন্য চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। ১৬ মার্চ জারি করা প্রজ্ঞাপন অনুযায়ী তার যোগদানের দিন থেকেই এ নিয়োগ কার্যকর হয়। তিনি বিধি অনুযায়ী বেতন-ভাতা ও অন্যান্য সুবিধা পাবেন।

ড. মামুন আহমেদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাণরসায়ন ও অণুপ্রাণ বিজ্ঞান বিভাগের অধ্যাপক। তিনি ২০২৪ সালের ১২ সেপ্টেম্বর প্রো-ভাইস চ্যান্সেলর (অ্যাকাডেমিক) হিসেবে দায়িত্ব গ্রহণ করেন এবং দেড় বছরেরও বেশি সময় এ পদে দায়িত্ব পালন করেন।

শিক্ষাজীবনে তিনি ১৯৮৯ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক এবং ১৯৯১ সালে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ১৯৯৬ সালে প্রভাষক হিসেবে কর্মজীবন শুরু করে পর্যায়ক্রমে সহকারী অধ্যাপক, সহযোগী অধ্যাপক এবং ২০০৮ সালে অধ্যাপক পদে উন্নীত হন। এছাড়া তিনি বায়োলজিক্যাল সায়েন্স অনুষদের ডিন হিসেবেও দায়িত্ব পালন করেছেন।

তিনি জাপানের নিহন ইউনিভার্সিটি স্কুল অব মেডিসিন থেকে ভাইরোলজিতে পিএইচডি এবং যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব পিটসবার্গ থেকে পোস্ট-ডক্টরাল ফেলোশিপ সম্পন্ন করেছেন। গবেষণা জীবনে তিনি জাতীয় ও আন্তর্জাতিক জার্নালে প্রায় ৫৩টি প্রবন্ধ প্রকাশ করেছেন।

ভাইরোলজি ও মলিকুলার ডায়াগনস্টিকস তার গবেষণার প্রধান ক্ষেত্র। কোভিড-১৯ মহামারির সময় তিনি দেশে ভাইরাস মোকাবিলায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন।

এছাড়া তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক এবং বিশ্ববিদ্যালয়ের সিনেট সদস্য হিসেবেও দায়িত্ব পালন করেছেন।