ভারতের সঙ্গে ড্র, সেমিফাইনালে বাংলাদেশ অনূর্ধ্ব-২০ দল

সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপে পাকিস্তানকে হারিয়ে দারুণ সূচনা করেছিল বাংলাদেশ, যেখানে প্রবাসী ফুটবলার রোনান সুলিভান করেছিলেন জোড়া গোল। ভারতের বিপক্ষেও তিনি ছিলেন উজ্জ্বল। তার নেওয়া কর্নার থেকেই গোল করেন মোহাম্মদ আব্দুল রিয়াদ, ফলে ১-১ সমতায় শেষ হয় ম্যাচ।

এই ড্রয়ের ফলে ৪ পয়েন্ট নিয়ে গ্রুপ রানারআপ হিসেবে সেমিফাইনালে উঠেছে বাংলাদেশ। সমান পয়েন্ট পেলেও গোল ব্যবধানে এগিয়ে থেকে গ্রুপ চ্যাম্পিয়ন হয়েছে ভারত।

রানারআপ হওয়ায় সেমিফাইনালে বাংলাদেশ মুখোমুখি হবে নেপালের, আর ভারত খেলবে ভুটানের বিপক্ষে।

ম্যাচের শুরুতে কিছুটা ছন্দহীন ছিল বাংলাদেশ, যার সুযোগ নিয়ে আক্রমণে যায় ভারত। এরই ধারাবাহিকতায় ১৭তম মিনিটে কর্নার থেকে গোল করে দলকে এগিয়ে দেন বিশাল যাদব। তবে এই লিড বেশিক্ষণ ধরে রাখতে পারেনি তারা।

প্রথমার্ধের যোগ করা সময়ে সমতায় ফেরে বাংলাদেশ। রোনান সুলিভানের কর্নার থেকে দারুণ শটে গোল করেন আব্দুল রিয়াদ। এরপর দ্বিতীয়ার্ধে উভয় দলই আর কোনো গোল করতে না পারায় ১-১ সমতায় ম্যাচ শেষ হয়।