বিশ্বকাপের আশায় নেইমারের পুনরুদ্ধার লড়াই

ব্রাজিলিয়ান তারকা নেইমার জুনিয়র তার শেষ বিশ্বকাপে খেলার স্বপ্ন ধরে রাখতে কঠোর পরিশ্রম চালিয়ে যাচ্ছেন। সম্ভাব্য শেষ বিশ্বকাপে জায়গা নিশ্চিত করতে তিনি ফের চিকিৎসা ও পুনর্বাসনের পথে হাঁটছেন।

স্প্যানিশ দৈনিক মার্কা জানিয়েছে, সম্প্রতি নেইমার হাঁটুর অস্ত্রোপচার করিয়েছেন। সান্তোসের কোচ কুকা জানান, আন্তর্জাতিক বিরতির সময় এই অস্ত্রোপচার সম্পন্ন হয় এবং এরপর কয়েকদিন বিশ্রামে কাটান তিনি।

নেইমার ব্রাজিলিয়ান লিগ মৌসুম শেষ হওয়ার পর ডাক্তারদের পরামর্শ অনুযায়ী এই অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেন। প্রতিবেদনে বলা হয়েছে, প্লাটিলেট-সমৃদ্ধ প্লাজমা (PRP) থেরাপির মাধ্যমে হাঁটুর সংযোগস্থলের ক্ষতিগ্রস্ত টিস্যু শক্তিশালী করার চেষ্টা করা হয়েছে।

আরও বলা হয়েছে, আন্তর্জাতিক বিরতির সময় তিনি ব্রাজিল জাতীয় দলে ফেরার আশা নিয়ে চিকিৎসা ও পুনর্বাসন শুরু করেন। আসন্ন বিশ্বকাপকে সামনে রেখে সম্পূর্ণ ফিট হয়ে মাঠে ফেরাই এখন তার প্রধান লক্ষ্য।

বিশেষজ্ঞদের মতে, যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায় অনুষ্ঠিতব্য বিশ্বকাপের আগে ফিটনেস ফিরে পেতে নেইমারকে এখন নিবিড় পুনর্বাসন প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হবে। তিনি কোচ কার্লো আনচেলত্তি-এর দলে জায়গা পেতে নিজেকে প্রমাণ করতে চান।