জ্বালানি সংকট, মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধ পরিস্থিতি ও তীব্র যানজটের প্রভাবের মধ্যে দেশের শিক্ষা কার্যক্রম কীভাবে সচল রাখা যায়-তা নির্ধারণে আজ বুধবার (৮ এপ্রিল) একটি গুরুত্বপূর্ণ উচ্চপর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হতে যাচ্ছে। শিক্ষা মন্ত্রণালয়ের উদ্যোগে আয়োজিত এ সভায় সংশ্লিষ্ট সব পক্ষ অংশ নেবে এবং বিদ্যুৎ সাশ্রয় করে শ্রেণিকক্ষে পাঠদান অব্যাহত রাখার কৌশল নিয়ে মতামত দেওয়া হবে।
জানা গেছে, শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ, কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় যৌথভাবে এই বৈঠকে অংশ নেবে। এতে সভাপতিত্ব করবেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন এবং বিশেষ অতিথি হিসেবে থাকবেন প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ।
এছাড়া প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব, কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সচিবসহ সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরের প্রতিনিধিরা বৈঠকে অংশ নেবেন। অংশীজনদের সমন্বয়ে বর্তমান পরিস্থিতিতে শিক্ষা কার্যক্রম পরিচালনার বিভিন্ন প্রস্তাব ও মতামত উপস্থাপন করা হবে।
সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, জ্বালানি সংকট মোকাবিলা করে শিক্ষাপ্রতিষ্ঠান সচল রাখার উপায় নির্ধারণে এ বৈঠক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তবে এদিন কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে না। অংশীজনদের মতামতের ভিত্তিতে পরবর্তীতে মন্ত্রিসভায় এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।
বৈঠকে অনলাইন ও অফলাইন শিক্ষার সমন্বয়ে ‘ব্লেন্ডেড’ পদ্ধতিতে ক্লাস পরিচালনার বিষয়টি গুরুত্ব পেতে পারে। এর আগে গত ৩১ মার্চ সচিবালয়ে শিক্ষামন্ত্রী জানান, জ্বালানি সাশ্রয়ে প্রধানমন্ত্রীর নির্দেশনার আলোকে নতুন উদ্যোগ নেওয়া হচ্ছে এবং বিশেষ করে মহানগর এলাকায় অনলাইনভিত্তিক ক্লাস চালুর বিষয়টি বিবেচনায় রয়েছে।
তিনি আরও বলেন, শিক্ষার্থীদের শিখন কার্যক্রম সচল রাখতে সপ্তাহে ছয় দিন ক্লাস পরিচালনার পরিকল্পনা রয়েছে। নতুন ব্যবস্থায় তিন দিন অনলাইন এবং তিন দিন অফলাইনে পাঠদান চালুর প্রস্তাব বিবেচনায় আছে।





