ইরানকে নিশ্চিহ্ন করে দেওয়ার হুমকি দিলেও শেষ পর্যন্ত অবস্থান পরিবর্তন করেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার দুই সপ্তাহের জন্য হামলা স্থগিতের ঘোষণার পর এবার ইরানের সঙ্গে যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে ইসরায়েল।
যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি গণমাধ্যমের খবরে বলা হয়েছে, ইরানের সঙ্গে অস্থায়ী যুদ্ধবিরতিতে রাজি হয়েছে ইসরায়েল। হোয়াইট হাউসের এক কর্মকর্তার বরাত দিয়ে CNN জানিয়েছে, ইসরায়েলও এই প্রস্তাবে সম্মতি দিয়েছে। একই তথ্য প্রচার করেছে ইসরায়েলের সরকারি গণমাধ্যম ‘কান’।
এদিকে হোয়াইট হাউসের একটি সূত্র ইসরায়েলের চ্যানেল ১২-কে জানিয়েছে, ইরান যদি হরমুজ প্রণালী খুলে দেয়, তাহলে এই যুদ্ধবিরতি কার্যকর হবে। অর্থাৎ, প্রণালী উন্মুক্ত রাখার বিষয়টি যুদ্ধবিরতির প্রধান শর্ত হিসেবে বিবেচিত হচ্ছে।
তবে এখন পর্যন্ত গোলাগুলি বন্ধ রাখার বিষয়ে প্রতিরক্ষা দপ্তরের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক নির্দেশনা জারি করা হয়নি বলে জানা গেছে।
এছাড়া ইসরায়েল বা যুক্তরাষ্ট্রের শীর্ষ পর্যায়ের কোনো কর্মকর্তা এখনও আনুষ্ঠানিকভাবে যুদ্ধবিরতির বিষয়টি নিশ্চিত করেননি, ফলে পরিস্থিতি এখনও অনিশ্চয়তার মধ্যেই রয়েছে।





