ঢাকায় সন্ত্রাসবাদ ও জঙ্গিবাদ দমনে পারস্পরিক সহযোগিতা জোরদারের লক্ষ্যে বৈঠক অনুষ্ঠিত হয়েছে। এতে জাপানের কাউন্টার টেররিজম ইউনিটের ডিরেক্টর জেনারেল মহোসাকি কাওরু এবং বাংলাদেশের কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিটের প্রধান অংশ নেন।
বৃহস্পতিবার (৯ এপ্রিল) অনুষ্ঠিত এই সৌজন্য সাক্ষাতে উপস্থিত ছিলেন সিটিটিসি প্রধান ও ঢাকা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত কমিশনার মাসুদ করিম।
বৈঠকে সন্ত্রাস ও জঙ্গিবাদ দমনে দুই দেশের মধ্যে সহযোগিতা বৃদ্ধি, গোয়েন্দা তথ্য বিনিময়, সক্ষমতা উন্নয়ন এবং যৌথ কার্যক্রম সম্প্রসারণের বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হয়। পাশাপাশি আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতি, নতুন ধরনের হুমকি এবং তা মোকাবিলায় সমন্বিত পদক্ষেপ গ্রহণের ওপর জোর দেওয়া হয়।
সিটিটিসি জানায়, বাংলাদেশ ও জাপানের বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্কের ধারাবাহিকতায় এই বৈঠক দ্বিপাক্ষিক সহযোগিতাকে আরও শক্তিশালী করবে বলে আশা করা হচ্ছে।
এ তথ্য নিশ্চিত করেছেন ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার এন এম নাসিরুদ্দিন।





