বিমানবন্দরে অভিযান, অবৈধ সিগারেট ও ভ্যাপ জব্দ

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এবং শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অবৈধ সিগারেট ও ভ্যাপ জব্দ করেছে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর

বৃহস্পতিবার (৯ এপ্রিল) গোপন সংবাদের ভিত্তিতে দুবাই থেকে আসা যাত্রীদের ব্যাগেজ তল্লাশি করে ৬৪৪ কার্টুন অবৈধ সিগারেট জব্দ করা হয়। মোট জব্দকৃত সিগারেটের পরিমাণ ১ লাখ ২৮ হাজার ৮০০ শলাকা, যার মূল্য প্রায় ৯১ লাখ ৮৭ হাজার টাকা।

এছাড়া কাস্টমস গোয়েন্দা ও তদন্ত সার্কেল এয়ারফ্রেইট ও ফরেইন পোস্ট সর্টিং অফিস থেকে আরও ২০ কার্টুন পণ্য আটক করা হয়। তল্লাশির সময় আমদানি নিষিদ্ধ ৫ হাজার ৫৫০ পিস ভোল্টবার সুইস ভ্যাপও উদ্ধার করা হয়, যার আনুমানিক বাজারমূল্য ৭২ লাখ ১৫ হাজার টাকা।

কর্তৃপক্ষ জানিয়েছে, এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলমান রয়েছে। একইসঙ্গে অর্থপাচার, চোরাচালান ও অবৈধ আমদানি রোধে এ ধরনের অভিযান নিয়মিতভাবে চালিয়ে যাওয়া হবে।