এমপিওভুক্ত শিক্ষকদের উৎসব ভাতা ১০০ শতাংশে উন্নীত করার দায়িত্ব ভবিষ্যতে প্রধানমন্ত্রী তারেক রহমান গ্রহণ করবেন বলে মন্তব্য করেছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।
মঙ্গলবার (১৪ এপ্রিল) দুপুরে বগুড়ার শিবগঞ্জ উপজেলার উথলী উচ্চ বিদ্যালয়ে কৃষক কার্ড বিতরণ উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।
তিনি বলেন, এমপিওভুক্ত শিক্ষকদের উৎসব ভাতা প্রথমে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া চালু করেছিলেন। পরে তা ২৫ শতাংশ থেকে ৫০ শতাংশে উন্নীত করা হয়।
মন্ত্রী আরও বলেন, বগুড়াকে শিক্ষা নগরী হিসেবে গড়ে তোলার পরিকল্পনা নেওয়া হয়েছে এবং এটি একটি এডুকেশনাল হাব হবে।
এ সময় তিনি ২০০১ থেকে ২০০৬ সাল পর্যন্ত শিক্ষা, স্বাস্থ্য ও কৃষি খাতে নেওয়া বিভিন্ন উদ্যোগের কথাও উল্লেখ করেন। পাশাপাশি উত্তরবঙ্গে বহু শিক্ষাপ্রতিষ্ঠান প্রতিষ্ঠার দাবি করেন এবং শিক্ষা কার্যক্রমের মান উন্নয়নের ওপর গুরুত্ব দেন।





