তৃষা কৃষ্ণানের বাসায় বোমা হামলার হুমকি, তল্লাশিতে মিলেনি কিছু

দক্ষিণ ভারতের জনপ্রিয় অভিনেত্রী তৃষা কৃষ্ণানের চেন্নাইয়ের বাসভবনে বোমা হামলার হুমকি দেওয়া হয়েছে। সোমবার (১৩ এপ্রিল) সকাল সাড়ে ৯টার দিকে তামিলনাড়ু পুলিশের কন্ট্রোল রুমে পাঠানো একাধিক ইমেইলে এই হুমকির কথা জানানো হয়।

ইমেইল বার্তাগুলোতে দাবি করা হয়, অভিনেত্রীর বাসায় শক্তিশালী বোমা রাখা হয়েছে, যা যেকোনো সময় বিস্ফোরিত হতে পারে। খবরটি ছড়িয়ে পড়ার পর ভক্ত ও স্থানীয়দের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়।

পরিস্থিতির গুরুত্ব বিবেচনায় দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পুলিশ, বোম নিষ্ক্রিয়কারী দল এবং প্রশিক্ষিত কুকুরসহ বিশেষ ইউনিট। তারা কয়েক ঘণ্টা ধরে বাড়ির ভেতর ও আশপাশে তল্লাশি চালালেও কোনো বিস্ফোরক বা সন্দেহজনক বস্তু উদ্ধার হয়নি।

পরে পুলিশ নিশ্চিত করে, এটি একটি ভুয়া হুমকি। তবে কে বা কারা এই ইমেইল পাঠিয়েছে, তা শনাক্ত করতে সাইবার অপরাধ বিভাগ তদন্ত শুরু করেছে।

উল্লেখ্য, এর আগেও একই ধরনের হুমকির ঘটনা ঘটেছিল। ২০২৫ সালের ২ অক্টোবরও তৃষার বাসায় বোমা হামলার ভুয়া খবর পাওয়া যায়। একই ব্যক্তিকে বারবার লক্ষ্যবস্তু করা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে আইনশৃঙ্খলা বাহিনী।

এদিকে এসব ঘটনার মধ্যেও ক্যারিয়ারে ব্যস্ত সময় পার করছেন তৃষা কৃষ্ণান। তিনি বর্তমানে একটি বড় বাজেটের সিনেমার কাজ নিয়ে ব্যস্ত রয়েছেন, যা নিয়ে দর্শকদের মধ্যে আগ্রহ রয়েছে।