দুপুর পর্যন্ত ঢাকায় বৃষ্টি নেই, ভ্যাপসা গরমে অস্বস্তি অব্যাহত

রাজধানী ঢাকায় দুপুর পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা নেই বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। একই সঙ্গে আগের দিনের মতোই ভ্যাপসা গরমের অনুভূতি অব্যাহত থাকতে পারে।

অধিদপ্তরের ঝড় সতর্কীকরণ কেন্দ্র থেকে প্রকাশিত সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার পূর্বাভাসে জানানো হয়েছে, দুপুর পর্যন্ত ঢাকার আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকতে পারে এবং আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে। এ সময় দক্ষিণ বা দক্ষিণ-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে।

সংস্থাটি জানায়, দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। বুধবার সকালে ঢাকার তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৭ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস এবং বাতাসে আর্দ্রতা ছিল ৮০ শতাংশ। মঙ্গলবার রাজধানীর সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৫ ডিগ্রি সেলসিয়াস, আর আজকের সর্বনিম্ন তাপমাত্রা ২৭ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস।

এদিকে আজ সূর্যাস্ত হবে সন্ধ্যা ৬টা ২০ মিনিটে এবং বৃহস্পতিবার ভোর ৫টা ৩৭ মিনিটে সূর্যোদয় হবে। গত ২৪ ঘণ্টায় ঢাকায় সামান্য বৃষ্টিপাতও রেকর্ড করা হয়েছে।

অন্যদিকে সারাদেশের পূর্বাভাসে বলা হয়েছে, সন্ধ্যা ৬টার মধ্যে সিলেট বিভাগের কিছু এলাকায় এবং ময়মনসিংহ, ঢাকা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় দমকা হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে দেশের অন্যান্য অঞ্চলে আংশিক মেঘলা আকাশ থাকলেও আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।

একইসঙ্গে সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।