আবারও বাড়ল সোনা-রুপার দাম

দেশের বাজারে সোনা ও রুপার দাম বাড়ানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, প্রতি ভরি সোনার দাম সর্বোচ্চ ২ হাজার ২১৬ টাকা পর্যন্ত বাড়ানো হয়েছে।

বুধবার (১৫ এপ্রিল) সকাল ১০টা থেকে নতুন এই দাম কার্যকর হয়েছে বলে জানিয়েছে সংগঠনটি।

নতুন মূল্য অনুযায়ী, সবচেয়ে ভালো মানের (২২ ক্যারেট) প্রতি ভরি সোনার দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৫০ হাজার ১৯৩ টাকা, যা আগের দিন ছিল ২ লাখ ৪৭ হাজার ৯৭৭ টাকা।

এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ২ লাখ ৩৮ হাজার ৮২০ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ৪ হাজার ৭০৩ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম ১ লাখ ৬৬ হাজার ৭৩৭ টাকা নির্ধারণ করা হয়েছে।

সোনার পাশাপাশি রুপার দামও বাড়ানো হয়েছে। নতুন দামে ২২ ক্যারেটের প্রতি ভরি রুপা ৬ হাজার ৬৫ টাকা, ২১ ক্যারেটের রুপা ৫ হাজার ৭৭৪ টাকা, ১৮ ক্যারেটের রুপা ৪ হাজার ৯৫৭ টাকা এবং সনাতন পদ্ধতির রুপা ৩ হাজার ৭৩২ টাকা নির্ধারণ করা হয়েছে।

বাজুস জানিয়েছে, আন্তর্জাতিক বাজারে তেজাবি (পিওর গোল্ড) সোনার দাম বৃদ্ধির কারণে স্থানীয় বাজারেও এই সমন্বয় করা হয়েছে।

বিশ্ববাজারে সাম্প্রতিক সময়ে সোনার দাম ঊর্ধ্বমুখী রয়েছে। বিশেষ করে ইরান-যুক্তরাষ্ট্র-ইসরায়েল পরিস্থিতির প্রভাবে আন্তর্জাতিক বাজারে অস্থিরতা তৈরি হওয়ায় এর প্রভাব পড়ছে দেশের বাজারেও।