বৈশ্বিক জ্বালানি সংকটের প্রেক্ষাপটে দেশে জ্বালানি তেলের ব্যবহার কমাতে নতুন নির্দেশনা দিয়েছে সরকার। মন্ত্রণালয় ও বিভাগের বিভিন্ন সভা, কর্মশালা ও প্রশিক্ষণ কার্যক্রমে মাঠ পর্যায়ের অংশগ্রহণকারীদের ভার্চুয়াল প্ল্যাটফর্মে যুক্ত হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। একইসঙ্গে একান্ত প্রয়োজন ছাড়া সশরীরে সভা আয়োজন পরিহারের কথা বলা হয়েছে।
সম্প্রতি মন্ত্রিপরিষদ বিভাগ থেকে প্রধানমন্ত্রীর মুখ্য সচিব, সব সিনিয়র সচিব/সচিব, বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ সংশ্লিষ্টদের কাছে এ সংক্রান্ত চিঠি পাঠানো হয়েছে।
চিঠিতে বলা হয়েছে, বর্তমান বৈশ্বিক জ্বালানি পরিস্থিতি বিবেচনায় দেশে জ্বালানি তেলের সাশ্রয় নিশ্চিত করার পাশাপাশি সরকারি কার্যক্রম যাতে নিরবচ্ছিন্নভাবে পরিচালিত হয়, সে বিষয়ে গুরুত্ব দিতে হবে।
নির্দেশনায় উল্লেখ করা হয়, মন্ত্রণালয় ও বিভাগগুলোর আয়োজিত সভা, কর্মশালা ও প্রশিক্ষণে মাঠ পর্যায়ের অংশগ্রহণ ভার্চুয়াল মাধ্যমেই সম্পন্ন করতে হবে। বিভাগীয় পর্যায়ের অনুষ্ঠানে জেলা পর্যায় থেকে এবং জেলা পর্যায়ের অনুষ্ঠানে উপজেলা পর্যায় থেকে ভার্চুয়ালি অংশগ্রহণ নিশ্চিত করতে বলা হয়েছে।
এছাড়া, যানবাহনের জ্বালানি সাশ্রয়ের লক্ষ্যে একান্ত প্রয়োজন ছাড়া সরাসরি উপস্থিতিতে সভা আয়োজন থেকে বিরত থাকার নির্দেশ দেওয়া হয়েছে।
পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত এ নির্দেশনা যথাযথভাবে অনুসরণ করতে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আহ্বান জানানো হয়েছে।





