আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের সম্ভাবনাময় খেলা টেবিল টেনিসকে এগিয়ে নিতে নতুন উদ্যোগ নিয়েছে বাংলাদেশ টেবিল টেনিস ফেডারেশন। থাই কোচের পর এবার নিয়োগ দেওয়া হয়েছে জাপানি কোচ ইউতাকা নাকানোকে।
আজ মধ্যরাতে তিনি ঢাকায় এসে পৌঁছান। ফেডারেশনের সঙ্গে তার চুক্তির মেয়াদ দুই বছর।
ফেডারেশন সূত্রে জানা গেছে, এডহক কমিটির অধীনে পরিচালিত হলেও দীর্ঘমেয়াদি উন্নয়ন পরিকল্পনার অংশ হিসেবে এই কোচ নিয়োগ দেওয়া হয়েছে। তবে ভবিষ্যতে কমিটিতে পরিবর্তন আসতে পারে-এমন ঝুঁকি থাকলেও কর্তৃপক্ষ বলছে, টেবিল টেনিসের টেকসই উন্নয়নের জন্যই এই সিদ্ধান্ত।
এই বছর কমনওয়েলথ টেবিল টেনিস চ্যাম্পিয়নশিপ, এশিয়ান গেমস, এশিয়ান যুব চ্যাম্পিয়নশিপ, সাউথ এশিয়ান জুনিয়র চ্যাম্পিয়নশিপ ও সাউথ এশিয়ান গেমসকে সামনে রেখে বিশেষ প্রস্তুতি নেওয়া হচ্ছে।
আগামী ১৮ এপ্রিল থেকে জাতীয় র্যাংকিংয়ের শীর্ষ ১৬ পুরুষ ও ১৬ নারী খেলোয়াড়কে এশিয়ান গেমস সিলেকশন ক্যাম্পে ডাকা হয়েছে।
জাপানি কোচ ইউতাকা নাকানো একজন সাবেক খেলোয়াড়, পরে কোচিংয়ে যুক্ত হন। এর আগে তিনি ২০২২ সালে বাংলাদেশে কাজ করেছেন এবং যুক্তরাষ্ট্রেও কোচ হিসেবে দায়িত্ব পালন করেন।
তার দায়িত্বের মধ্যে থাকবে জাতীয় ও যুব দলের জন্য আধুনিক প্রশিক্ষণ পরিকল্পনা, প্রতিভা অন্বেষণ, আন্তর্জাতিক প্রতিযোগিতায় কৌশলগত নির্দেশনা এবং খেলোয়াড়দের পারফরম্যান্স পর্যবেক্ষণ।
ফেডারেশনের সাধারণ সম্পাদক ক্যাপ্টেন এ এম মাকসুদ আহমেদ সনেট বলেন, তার অভিজ্ঞতা বাংলাদেশের টেবিল টেনিসকে নতুন উচ্চতায় নিতে সাহায্য করবে বলে তারা আশা করছেন।





