বগুড়ায় প্রধানমন্ত্রীর প্রথম সফর, উন্নয়ন কর্মসূচিতে ব্যস্ত দিন

প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো নিজ জন্মভূমি বগুড়ায় সফরে গেছেন তারেক রহমান। সোমবার (২০ এপ্রিল) সকালে সড়কপথে ঢাকার বাসভবন থেকে রওনা হয়ে তিনি সকাল ৯টা ৫৫ মিনিটে বগুড়া সার্কিট হাউজে পৌঁছান।

সফরসূচি অনুযায়ী, বেলা ১১টায় বগুড়া জজ আদালতে ই-বেইল বন্ড সেবার আনুষ্ঠানিক উদ্বোধন করেন তিনি। এরপর বগুড়া সিটি করপোরেশনের ফলক উন্মোচন এবং এর কার্যক্রমের আনুষ্ঠানিক ঘোষণা দেওয়ার কথা রয়েছে।

দিনের দ্বিতীয়ার্ধে গাবতলী উপজেলায় একাধিক উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। এসব কর্মসূচির মধ্যে রয়েছে খাল খনন, ফ্যামিলি কার্ড বিতরণ এবং হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইনের উদ্বোধন।

পরে তিনি নিজ পৈতৃক বাড়ি পরিদর্শন করবেন এবং বিকেলে শহরে ফিরে জেলা বিএনপির আয়োজিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন।

প্রধানমন্ত্রীর এই সফরকে কেন্দ্র করে বগুড়া শহর ও আশপাশে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। সকাল থেকেই শহরের বিভিন্ন প্রবেশপথে দলীয় নেতাকর্মী ও সমর্থকদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা গেছে।