সিমাগো র‍্যাঙ্কিংয়ে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের মধ্যে শীর্ষে বিইউবিটি

আন্তর্জাতিক স্বীকৃত ‘সিমাগো ইনস্টিটিউশন র‍্যাঙ্কিং ২০২৬’-এ উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে বাংলাদেশ ইউনিভার্সিটি অব বিজনেস অ্যান্ড টেকনোলজি (বিইউবিটি)। এবারের তালিকায় দেশের সব বেসরকারি বিশ্ববিদ্যালয়ের মধ্যে ইঞ্জিনিয়ারিং ও গবেষণা উভয় ক্যাটাগরিতেই প্রথম স্থান দখল করেছে প্রতিষ্ঠানটি।

সামগ্রিকভাবে দেশের পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের সম্মিলিত র‍্যাঙ্কিংয়ে বিইউবিটির অবস্থান ১১তম। বৈশ্বিক পর্যায়ে ইঞ্জিনিয়ারিং ক্যাটাগরিতে বিশ্ববিদ্যালয়টির অবস্থান ১,৭৬৬তম এবং গবেষণা ক্যাটাগরিতে ৪,৫৯৮তম।

র‍্যাঙ্কিং বিশ্লেষণে দেখা যায়, ইঞ্জিনিয়ারিং (ওভারঅল র‍্যাঙ্কিং ক্যাটাগরি) এবং গবেষণা (অল সাবজেক্ট এরিয়াস – রিসার্চ ক্যাটাগরি) উভয় ক্ষেত্রেই বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে শীর্ষে রয়েছে বিইউবিটি। জাতীয় পর্যায়েও এই দুই ক্যাটাগরিতে প্রতিষ্ঠানটির অবস্থান ১১তম।

‘সিমাগো ইনস্টিটিউশন র‍্যাঙ্কিং’ মূলত গবেষণা কার্যক্রম, উদ্ভাবনী আউটপুট এবং সামাজিক প্রভাব-এই তিনটি সূচকের ভিত্তিতে শিক্ষা প্রতিষ্ঠানগুলোর মূল্যায়ন করে থাকে। এ ক্ষেত্রে স্কোপাস-ইনডেক্সড গবেষণা প্রকাশনাকে গুরুত্বপূর্ণ মানদণ্ড হিসেবে বিবেচনা করা হয়।

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের মতে, এই সাফল্যের পেছনে রয়েছে সুপরিকল্পিত কৌশল, শক্তিশালী একাডেমিক নেতৃত্ব এবং শিক্ষক-গবেষকদের নিরলস পরিশ্রম। বিশেষ করে বিইউবিটি রিসার্চ গ্র্যাজুয়েট স্কুল (আরজিএস) গবেষণাবান্ধব পরিবেশ তৈরি ও আন্তর্জাতিক মানের জার্নালে প্রকাশনা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।

বিইউবিটির উপাচার্য অধ্যাপক ড. এ বি এম শওকত আলী এই অর্জনে সংশ্লিষ্ট সকলকে অভিনন্দন জানিয়ে বলেন, “এই স্বীকৃতি আমাদের গবেষণা সক্ষমতার প্রতিফলন এবং বৈশ্বিক অঙ্গনে বিইউবিটির অবস্থান আরও সুদৃঢ় করার মাইলফলক।”

বিশ্ববিদ্যালয়ের গবেষণা গ্র্যাজুয়েট স্কুলের পক্ষ থেকে জানানো হয়েছে, এই অর্জন শুধু সম্মানই নয়, বরং আন্তর্জাতিক সহযোগিতা বৃদ্ধি, গবেষণার পরিধি সম্প্রসারণ এবং উদ্ভাবনী উদ্যোগ জোরদারের নতুন সুযোগ তৈরি করবে।