এনসিপি প্রার্থী হান্নান মাসউদের গানম্যান চেয়ে আবেদন

নোয়াখালী-৬ (হাতিয়া) আসনে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ১০ দলীয় জোটের প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করা নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসউদ নিজের নিরাপত্তা ঝুঁকির কথা উল্লেখ করে গানম্যান চেয়ে আবেদন করেছেন।

বুধবার (২১ জানুয়ারি) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন জেলা রিটার্নিং কর্মকর্তা ও নোয়াখালীর জেলা প্রশাসক মুহাম্মদ শফিকুল ইসলাম।

তিনি বলেন, নিরাপত্তা ঝুঁকির কথা উল্লেখ করে হান্নান মাসউদ আবেদন করেছেন। আবেদনটি গ্রহণ করে জেলা পুলিশ সুপারের কাছে পাঠানো হয়েছে। বিধি অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।

এ বিষয়ে জেলার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) আবু তৈয়ব মো. আরিফ হোসেন জানান, আবেদনটি পাওয়া গেছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে বিধি মোতাবেক সিদ্ধান্ত নেওয়া হবে।

নিজের আবেদনের বিষয়ে হান্নান মাসউদ বলেন, হাতিয়া উপজেলায় এখনো অবৈধ অস্ত্রের উপস্থিতি রয়েছে। পাশাপাশি নির্বাচনি মাঠে কাজ করতে গিয়ে কিছু অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির আশঙ্কাও দেখা দিয়েছে। সাধারণ মানুষের সঙ্গে নির্বিঘ্নে যোগাযোগ রাখা এবং নিরাপদভাবে নির্বাচনি কার্যক্রম পরিচালনার স্বার্থে তিনি আইনশৃঙ্খলা বাহিনীর কাছে নিরাপত্তা সহায়তা চেয়েছেন। তিনি বলেন, এটি শুধু তার ব্যক্তিগত নিরাপত্তার বিষয় নয়; সব ভোটার যেন নিরাপদ পরিবেশে ভোটাধিকার প্রয়োগ করতে পারেন, সেটিও তিনি নিশ্চিত করতে চান।

জেলা প্রশাসন সূত্র জানায়, নোয়াখালী-৬ (হাতিয়া) আসনে এবারের সংসদ নির্বাচনে মোট ১৩ জন প্রার্থী প্রতীক পেয়েছেন। তাঁদের মধ্যে উল্লেখযোগ্য প্রার্থীরা হলেন-নাগরিক পার্টির হান্নান মাসউদ, বিএনপির মো. মাহবুবুর রহমান, স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ ফজলুল আজিম ও তানভীর উদ্দিন রাজিব। এ ছাড়া জাতীয় পার্টির এ টি এম নবী উল্যাহ, জেএসডির মোহাম্মদ আবদুল মোতালেব, গণঅধিকার পরিষদের মোহাম্মদ আজহার উদ্দিন, ইসলামী আন্দোলন বাংলাদেশের মোহাম্মদ নুরুল ইসলাম শরীফ, এলডিপির মোহাম্মদ আবুল হোসেন এবং বাংলাদেশ সুপ্রিম পার্টির আমিরুল ইসলাম মোহাম্মদ আবদুল মালেকও নির্বাচনি মাঠে রয়েছেন।