ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) সংলগ্ন তিন নেতা ও শহীদ ওসমান হাদীর কবর জিয়ারতের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের প্রচারণা শুরু করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।
বৃহস্পতিবার (২২ জানুয়ারি) সকাল সাড়ে ১০টায় এই কর্মসূচির মাধ্যমে দলটির নির্বাচনী যাত্রার সূচনা হয়।
প্রচারণা উদ্বোধনকালে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম দেশবাসীর প্রতি আসন্ন গণভোটে ‘হ্যাঁ’ ভোট দিয়ে সংস্কার কার্যক্রম এগিয়ে নেওয়ার আহ্বান জানান। এ সময় উপস্থিত ছিলেন দলটির মুখ্য সমন্বয়ক ও ঢাকা-৮ আসনের প্রার্থী নাসীরুদ্দীন পাটওয়ারী।
তিন নেতার সমাধি জিয়ারত শেষে গণমাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে নাহিদ ইসলাম বলেন, আজ বাংলাদেশের জন্য একটি ঐতিহাসিক দিন। গণ-অভ্যুত্থানের পর এবং দীর্ঘ ১৬ বছর মানুষের ভোটাধিকার থেকে বঞ্চিত থাকার পরে আমরা যখন একটি নতুন নির্বাচন ও গণভোটের পথে এগোচ্ছি, আজ থেকেই তার আনুষ্ঠানিক প্রচারণা শুরু হলো।
ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা থেকেই প্রচারণা শুরু করার কারণ ব্যাখ্যা করে তিনি বলেন, ২০২৪ সালের গণ-অভ্যুত্থানের সূচনা হয়েছিল এই ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা থেকেই। ১৯৫২ সালের ভাষা আন্দোলন, ১৯৪৭ সালের পাকিস্তান আন্দোলন এবং ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধসহ বাংলাদেশের সব ঐতিহাসিক সংগ্রামের সঙ্গে এই এলাকা গভীরভাবে জড়িত। সে কারণেই ঢাকা-৮ আসন থেকে আমাদের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু করা হয়েছে।
নাহিদ ইসলাম আরও বলেন, আমরা আমাদের জাতীয় দুই প্রধান নেতা শেরেবাংলা এ কে ফজলুল হক ও হোসেন শহীদ সোহরাওয়ার্দীকে স্মরণ করে এবং পূর্বসূরিদের প্রতি শ্রদ্ধা জানিয়ে এই নির্বাচনী যাত্রা শুরু করেছি। শেরেবাংলা এ কে ফজলুল হক জমিদারি ব্যবস্থার বিরুদ্ধে লড়াই করে কৃষক-শ্রমিক ও সাধারণ মানুষের অধিকার প্রতিষ্ঠা করেছিলেন। আজ আমরা ফ্যাসিবাদী ব্যবস্থার বিরুদ্ধে লড়াই করে একটি নতুন রাজনৈতিক বন্দোবস্তের পথে এগোচ্ছি।
আসন্ন গণভোট ও নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, সারা দেশের মানুষকে আমরা আহ্বান জানাই—গণভোটে ‘হ্যাঁ’ ভোট দিয়ে সংস্কারের যাত্রাকে এগিয়ে নিন।
তিনি আরও বলেন, ১০ দলীয় ঐক্যজোটকে বিজয়ী করুন। জাতীয় নাগরিক পার্টির সারাদেশে যে ৩০ জন প্রার্থী রয়েছে, তাদের শাপলা কলি মার্কায় ভোট দিয়ে সংসদে পাঠান। তারা সংসদে সাধারণ মানুষের কথা, গণ-অভ্যুত্থানের চেতনা, সংস্কার ও সার্বভৌমত্বের প্রশ্ন তুলে ধরবে।
পরে দলীয় নেতা-কর্মীদের নিয়ে নাহিদ ইসলাম ঢাকা-৮ এলাকায় ‘মার্চ ফর জাস্টিস’ ও গণসংযোগ কর্মসূচিতে অংশ নেন। তিন নেতা ও শহীদ ওসমান হাদীর কবর জিয়ারত শেষে এই প্রচারণা কর্মসূচি শুরু হয়।
উল্লেখ্য, ঢাকা বিশ্ববিদ্যালয়ের দোয়েল চত্বরের পাশে শেরেবাংলা এ কে ফজলুল হক, হোসেন শহীদ সোহরাওয়ার্দী ও খাজা নাজিমুদ্দিনের সমাধি অবস্থিত। পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের পাশে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সমাধির কাছেই ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ ওসমান হাদীর কবর রয়েছে।
তফসিল অনুযায়ী, বৃহস্পতিবার থেকেই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আনুষ্ঠানিক প্রচার শুরু হয়েছে।





