শেরপুরে জামায়াত আমির ডা. শফিকুর রহমানের নির্বাচনী জনসভা আজ

শেরপুরে আজ রোববার (১ ফেব্রুয়ারি) বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান আসছেন। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে প্রচারণার অংশ হিসেবে তিনি শেরপুর শহরে একটি বড় নির্বাচনী জনসভায় অংশ নেবেন।

দলীয় সূত্রে জানা গেছে, সকাল সাড়ে ১০টায় ডা. শফিকুর রহমান শ্রীবরদীতে জামায়াত নেতা মাওলানা রেজাউল করিমের কবর জিয়ারত করবেন। গত ২৮ জানুয়ারি ঝিনাইগাতী উপজেলায় বিএনপি ও জামায়াতের মধ্যে সংঘর্ষে নিহত হন তিনি। রেজাউল করিম শ্রীবরদী উপজেলা জামায়াতের সেক্রেটারি ছিলেন।

কবর জিয়ারত শেষে বেলা সাড়ে ১১টায় শেরপুর শহরের শহীদ দারোগা আলী পৌরপার্ক মাঠে অনুষ্ঠিত ১১ দলীয় নির্বাচনী ঐক্য জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন জামায়াত আমির। জনসভায় তিনি আসন্ন জাতীয় সংসদ নির্বাচন, দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি এবং জামায়াতে ইসলামীর নির্বাচনী অঙ্গীকার নিয়ে কথা বলবেন। পাশাপাশি দলীয় নেতাকর্মীদের উদ্দেশে দিকনির্দেশনাও দেবেন বলে জানিয়েছে দলীয় সূত্র।

জনসভাকে কেন্দ্র করে শেরপুর জেলায় জামায়াত নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা দেখা গেছে। মঞ্চ নির্মাণসহ সার্বিক প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। শনিবার রাত ১০টার দিকে শহীদ দারোগা আলী পৌরপার্ক মাঠ পরিদর্শন করেন শেরপুর-২ (নকলা–নালিতাবাড়ী) আসনে জামায়াত মনোনীত প্রার্থী গোলাম কিবরিয়া ভিপি। তিনি বলেন, পিছিয়ে পড়া জেলাগুলোকে অগ্রাধিকার দিয়ে উন্নয়নের আওতায় আনার লক্ষ্যে এই জনসভা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

জনসভায় জামায়াত ও সহযোগী সংগঠনের কেন্দ্রীয় ও আঞ্চলিক পর্যায়ের একাধিক নেতা উপস্থিত থাকার কথা রয়েছে। তাঁদের মধ্যে রয়েছেন সমাজসেবা ও শিক্ষার্থী কল্যাণ সম্পাদক মুস্তাফিজুর রহমান, কেন্দ্রীয় কলেজ সম্পাদক ইউসুফ ইসলাহী, কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও ময়মনসিংহ জেলা আমীর আব্দুল করিম, ডাকসুর সাবেক জিএস এস এম ফরহাদ, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ময়মনসিংহ অঞ্চল পরিচালক ড. ছামিউল হক ফারুকীসহ আরও অনেকে।

এদিকে জনসভাকে ঘিরে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। শহরের গুরুত্বপূর্ণ স্থানগুলোতে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে।