গৃহকর্মী নির্যাতন মামলায় বিমানের এমডি সাফিকুর রহমান ও স্ত্রী গ্রেপ্তার

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মো. সাফিকুর রহমান এবং তার স্ত্রী বিথীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

রোববার (১ ফেব্রুয়ারি) রাতে রাজধানীর উত্তরা এলাকার নিজ বাসা থেকে উত্তরা থানা পুলিশ তাদের গ্রেপ্তার করে। বিষয়টি সোমবার (২ ফেব্রুয়ারি) নিশ্চিত করেন উত্তরা পশ্চিম থানার অফিসার ইনচার্জ (ওসি) কাজী মো. রফিক আহমদ।

ওসি জানান, গৃহকর্মী নির্যাতনের অভিযোগে দায়ের করা একটি মামলায় তাদের গ্রেপ্তার দেখানো হয়েছে। সোমবার বিকেলে তাদের আদালতে হাজির করা হলে বিচারক চারজনকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

এ মামলার অপর দুই আসামি হলেন শফিকুর রহমানের বাসার গৃহকর্মী রুপালী খাতুন ও মোছা. সুফিয়া বেগম।

উল্লেখ্য, মো. সাফিকুর রহমান ২০২৪ সালের ৪ সেপ্টেম্বর বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের এমডি হিসেবে নিয়োগ পান। তিনি ১৯৮৬ সালে ট্রেইনি কমার্সিয়াল অফিসার হিসেবে বিমানে কর্মজীবন শুরু করেন। দীর্ঘ কর্মজীবনে তিনি প্রশাসন ও মানবসম্পদ, প্রকিউরমেন্ট ও লজিস্টিকস সাপোর্ট, বিপণন ও বিক্রয় বিভাগের পরিচালকসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেন।

এছাড়া ট্যারিফ, মার্কেট রিসার্চ, রিজারভেশন ও কার্গো বিভাগে কাজ করার পাশাপাশি বিমানের সিঙ্গাপুর, থাইল্যান্ড ও গ্রিস স্টেশনে কান্ট্রি ম্যানেজার হিসেবেও দায়িত্ব পালন করেন। দীর্ঘ পেশাগত জীবন শেষে তিনি ২০১৭ সালে অবসর গ্রহণ করেন।