পহেলা বৈশাখ থেকে ২ কোটি কৃষকের জন্য কৃষি কার্ড প্রি-পাইলট কর্মসূচি চালু

প্রধানমন্ত্রী তারেক রহমানের অর্থ ও পরিকল্পনা বিষয়ক উপদেষ্টা ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর জানিয়েছেন, আগামী পহেলা বৈশাখ থেকে দেশের ২ কোটি ২০ লাখ কৃষকের জন্য কৃষি কার্ডের প্রি-পাইলট কর্মসূচি চালু করা হবে। পাশাপাশি আগামী ১৮ মাসের মধ্যে ১ কোটি কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্য নিয়ে কাজ করছে সরকার।

শনিবার (১৪ মার্চ) দুপুরে রাজবাড়ীর পাংশা উপজেলা প্রশাসনের আয়োজনে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর বলেন, আগের ফ্যাসিস্ট সরকার সামাজিক সুরক্ষা ব্যবস্থায় দলীয়করণ করে গেছে। ফলে যাদের নাম এই তালিকায় থাকার কথা ছিল, তারা বাদ পড়েছেন; আবার যাদের থাকার কথা নয়, তাদের নাম যুক্ত হয়েছে। মূলত রাজনৈতিক হস্তক্ষেপের কারণেই এমন পরিস্থিতি তৈরি হয়েছে। তবে বর্তমান সরকার সামাজিক সুরক্ষা ব্যবস্থায় যুগান্তকারী উদ্যোগ নিয়েছে, যাতে সকল ত্রুটি দূর করে প্রকৃত সুবিধাভোগীদের কাছে তাদের প্রাপ্য পৌঁছে দেওয়া যায়।

তিনি আরও বলেন, সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে ইতোমধ্যে কাজ শুরু হয়েছে। ফ্যামিলি কার্ড কর্মসূচি চালু হয়েছে এবং আজ থেকেই ইমাম, মোয়াজ্জেম, পুরোহিত ও সেবায়েতদের জন্য ভাতা কার্যক্রম শুরু করা হয়েছে। আগামী ১৬ মার্চ থেকে খাল খনন ও বৃক্ষরোপণ কর্মসূচিও চালু করা হবে।

পাংশা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রিফাতুল হকের সভাপতিত্বে আয়োজিত এই অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ও রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য আলী নেওয়াজ মাহমুদ খৈয়াম, রাজবাড়ী-২ আসনের সংসদ সদস্য মো. হারুন অর রশিদ, জেলা প্রশাসক সুলতানা আক্তার এবং পুলিশ সুপার মোহাম্মদ মনজুর মোরশেদ।

এ সময় উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।