ইরান-ইসরায়েল যুদ্ধ পরিস্থিতির কারণে বর্তমানে যেসব প্রবাসী কর্মী বাংলাদেশে ছুটিতে অবস্থান করছেন এবং যাদের ভিসার মেয়াদ ইতিমধ্যেই শেষ হয়েছে বা শিগগিরই শেষ হতে যাচ্ছে, তারা বর্তমানে সংশ্লিষ্ট দেশে গিয়ে ভিসা নবায়ন করতে পারছেন না। এই পরিস্থিতিতে সংশ্লিষ্ট দেশগুলো কী পদক্ষেপ নিয়েছে, তা জানিয়েছে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়।
শনিবার (১৪ মার্চ) মন্ত্রণালয় একটি গণবিজ্ঞপ্তিতে জানিয়েছে, সৌদি আরব, কুয়েত, সংযুক্ত আরব আমিরাত, ওমান এবং বাহরাইন থেকে বাংলাদেশে আসা কর্মীদের ভিসা নবায়নের জন্য সংশ্লিষ্ট নিয়োগকর্তা, স্পন্সর বা কফিলের মাধ্যমে যোগাযোগ বা অনলাইনে আবেদন করতে হবে।
এর পাশাপাশি, কুয়েত, কাতার এবং সংযুক্ত আরব আমিরাত ইতিমধ্যেই যেসব এন্ট্রি ভিসার মেয়াদ শেষ হয়েছে বা শেষের পথে রয়েছে, সেগুলোর মেয়াদ এক মাসের জন্য বৃদ্ধি করেছে।





