২০২৬ শিক্ষাবর্ষে মাদ্রাসার অর্ধবার্ষিক ও বার্ষিক পরীক্ষার সময়সূচি প্রকাশ

২০২৬ শিক্ষাবর্ষে দেশের সব সরকারি আলিয়া মাদ্রাসা ও বেসরকারি ইবতেদায়ি, দাখিল, আলিম, ফাজিল ও কামিল মাদ্রাসার পরীক্ষার সময়সূচি প্রকাশ করেছে সরকার। এতে জুন মাসে অর্ধবার্ষিক এবং নভেম্বর মাসে বার্ষিক পরীক্ষা নেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।

মঙ্গলবার (২০ জানুয়ারি) শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ থেকে প্রকাশিত শিক্ষাপঞ্জি অনুযায়ী, ইবতেদায়ি ও দাখিল স্তরের অর্ধবার্ষিক পরীক্ষা আগামী ২৫ জুন থেকে ১৫ জুলাই পর্যন্ত অনুষ্ঠিত হবে। দাখিল স্তরের নির্বাচনী পরীক্ষা নেওয়া হবে ১১ অক্টোবর থেকে ১০ নভেম্বর পর্যন্ত। এছাড়া বার্ষিক পরীক্ষা এবং আলিম স্তরের নির্বাচনী পরীক্ষা অনুষ্ঠিত হবে ১৯ নভেম্বর থেকে ১০ ডিসেম্বর পর্যন্ত।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, কোনো সরকারি কর্মকর্তার পরিদর্শন বা সংবর্ধনার অজুহাতে মাদ্রাসায় ছুটি ঘোষণা কিংবা শ্রেণি কার্যক্রম বন্ধ রাখা যাবে না। পরিদর্শন বা সংবর্ধনার নামে শিক্ষার্থীদের ক্লাস থেকে সরিয়ে নেওয়া বা পাঠদান ব্যাহত করা সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে।

তবে জাতীয়ভাবে গুরুত্বপূর্ণ দিবসগুলো-২১ ফেব্রুয়ারি, ২৬ মার্চ ও ১৬ ডিসেম্বর—উপলক্ষে ক্লাস বন্ধ থাকবে। এসব দিবস যথাযথভাবে পালনের জন্য বিষয়ভিত্তিক কর্মসূচি আয়োজনের নির্দেশনাও দেওয়া হয়েছে।

সরকার ঘোষিত সব সাধারণ ছুটি ও নির্বাহী আদেশে ঘোষিত ছুটি শিক্ষাপঞ্জিতে নির্ধারিত ৭০ দিনের ছুটির মধ্যেই অন্তর্ভুক্ত থাকবে। প্রয়োজনে ছুটির সময় ভর্তি পরীক্ষা বা অন্যান্য গুরুত্বপূর্ণ পরীক্ষা আয়োজনের জন্য মাদ্রাসা খোলা রাখা যাবে।

এ ছাড়া পাবলিক পরীক্ষার কেন্দ্র হিসেবে ব্যবহৃত মাদ্রাসা ছাড়া অন্যান্য সব মাদ্রাসায় পরীক্ষার সময়ও নিয়মিত শ্রেণি কার্যক্রম চালু রাখতে বলা হয়েছে। কোনো অবস্থাতেই পাঠদান বন্ধ রাখা যাবে না বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।