ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান বিন হাদির পরিবারকে ঢাকায় একটি ফ্ল্যাট দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এ জন্য বিশেষ অনুদান হিসেবে এক কোটি টাকা বরাদ্দ দেওয়া হচ্ছে।
মঙ্গলবার (২০ জানুয়ারি) অর্থ মন্ত্রণালয়ের একটি সূত্র এ তথ্য নিশ্চিত করেছে। সূত্র জানায়, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের আবেদনের পরিপ্রেক্ষিতে অর্থ মন্ত্রণালয় এ অর্থ বরাদ্দের অনুমোদন দিয়েছে। তবে ফ্ল্যাট হস্তান্তরের আগে শরীফ ওসমান বিন হাদির স্ত্রী ও সন্তানের পরিচয় নিশ্চিত করার শর্ত আরোপ করা হয়েছে।
সূত্র অনুযায়ী, রাজধানীর লালমাটিয়ায় অবস্থিত সরকারি দোয়েল টাওয়ারে ১ হাজার ২১৫ বর্গফুট আয়তনের একটি ফ্ল্যাট ক্রয় ও তা সুসজ্জিত করার জন্য এই অর্থ ব্যয় করা হবে। গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের চলতি অর্থবছরের আবাসিক ভবন খাতে বরাদ্দ রাখা ছয় কোটি টাকা থেকে এ ব্যয় নির্বাহ করা হবে।
বরাদ্দ সংক্রান্ত শর্তে বলা হয়েছে, অর্থ ব্যয়ের ক্ষেত্রে সরকারের প্রচলিত সব আর্থিক বিধি-বিধান ও নিয়মকানুন যথাযথভাবে অনুসরণ করতে হবে। পাশাপাশি বরাদ্দকৃত অর্থ ২০২৫–২৬ অর্থবছরের সংশোধিত বাজেটে অন্তর্ভুক্ত করতে হবে এবং অব্যয়িত অর্থ আগামী ৩০ জুনের মধ্যে সরকারি কোষাগারে জমা দিতে হবে।





